অস্ত্র আইনের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ মামলার আসামিদের আদালতে হাজির করা হয়
ছবি: প্রথম আলো

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালত হাজির ৪০ আসামি ও পলাতক ৯ জনের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

মামলার পলাতক আসামিরা হলেন নাজমুল হোসেন, মো. আলাউদ্দিন, আবদুল কাদের, রিপন হোসেন, মফিজুল ইসলাম, খালেদ মঞ্জুর, মাজাহারুল ইসলাম, আবদুল মালেক ও রবিউল ইসলাম। ২৯ জুন এ ঘটনায় অস্ত্র আইনের মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের অপর মামলায় সাক্ষ্যের দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কলারোয়া উপজেলার এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে কলারোয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলামের ও বিএনপি নেতা রঞ্জুর নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান।

এতে তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাথীসহ কমপক্ষে এক ডজন দলীয় নেতা–কর্মী আহত হন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা না নেওয়ায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আবদুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৩ সালের ১৮ জুলাই নিম্ন আদালতে মামলার কার্যক্রম নতুন করে শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা ২০১৪ সালের ১৫ অক্টোবর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ২০১৫ সালের ১৭ মে মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান ৫০ জনের নামোল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন।

মামলাটি তিনটি ভাগে ভাগ হওয়ার পর অস্ত্র আইন (এসটিসি ২০৭/১৫) ও বিস্ফোরক আইনের (এসটিসি ২০৮/১৫) মামলা দুটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। হত্যার উদ্দেশে হামলার (টিআর ১৫১/১৫) অপর মামলাটিতে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগপত্রে উল্লেখিত ৫০ জনকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দিয়ে রায় ঘোষণা করেন আদালত।

সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসলি আবদুল লতিফ বলেন, অস্ত্র আইনের মামলাটির চার্জ গঠন করা হয়েছে। তাঁরা আদালতে প্রাথমিকভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার সময় বোমা বিস্ফোরণের পাশাপাশি অস্ত্রের ব্যবহার করা হয়েছিল। আজ এ মামলার চার্জ গঠন করা হয়েছে।

অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা দুটির ২৯ জুন সাক্ষ্য গ্রহণ শুরু হবে জানিয়ে আবদুল লতিফ বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্রে থাকা ৫০ জনের মধ্যে ১ জন মারা গেছেন। এ ছাড়া ৯ আসামি পলাতক। আদালতে বাকি ৪০ আসামির উপস্থিতিতে চার্জ গঠন করা হয়।