অস্ত্র ও গুলিসহ আটক চেয়ারম্যান প্রার্থীর ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় আজ শুক্রবার দুপুরে প্রতিপক্ষকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে কামাল পারভেজ গাজী নামের এক চেয়ারম্যান প্রার্থীর ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও আটটি গুলি উদ্ধার করা হয়। 

কামাল পারভেজ গাজী শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজীর ছোট ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বেলা একটার দিকে উপজেলার শংকরপুর গ্রামে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজী প্রচারণায় যান। তখন দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে সিদ্দিকুর রহমান গাজীর ভাই কামাল পারভেজ গাজী অস্ত্র উঁচিয়ে দেলোয়ার হোসেনকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দেলোয়ার হোসেনের সমর্থকেরা কামাল পারভেজ গাজীকে আটক করেন। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান গাজী অভিযোগ করেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনের লোকজন আমার ভাইকে মারপিট করে হাতে রিভলবার ও গুলি ধরিয়ে দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।’
তবে দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কামাল পারভেজ গাজী আমাকে রিভলবার উঁচিয়ে গুলি করতে উদ্যত হওয়ার সময় লোকজন তাঁকে আটক করে।’
পিরোজপুর সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, কামাল পারভেজ গাজীর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।