অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মন্টু কবিরাজ (৪৪)। তাঁর বাড়ি ভান্ডারিয়া পৌরসভার নিজ ভান্ডারিয়া মহল্লায়। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। বর্তমানে মন্টু পলাতক।
মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন সন্ধ্যায় ভান্ডারিয়া থানার পুলিশ মন্টু কবিরাজকে গ্রেপ্তার করে। মন্টুকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মন্টু তাঁর বাড়ির সামনে একটি ঘর থেকে জ্বালানি কাঠের মধ্যে লুকিয়ে রাখা একটি দেশীয় পাইপগান, তিনটি গুলি ও একটি চাইনিজ কুড়াল বের করে দেন।
এ ঘটনার পরের দিন ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মন্টু কবিরাজের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ১৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই নূরুল আমিন সিকদার আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, আদালত অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও অবৈধ গুলি রাখায় দায়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকে তাঁর সাজা কার্যকর হবে।