অস্ত্র মামলায় টাঙ্গাইলের পৌর কাউন্সিলর তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিকুর রহমান
ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আতিকুর রহমান ওরফে মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় আতিকুর রহমানকে টাঙ্গাইলের পৌর ভবনের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে শহরের বিশ্বাস বেতকা এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদ ইবনে রাজীব বাদী হয়ে কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকেলে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন। শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে দুই যুবলীগ নেতা হত্যা, ছাত্রদল নেতা রেজা হত্যা, ব্যবসায়ী তুহিন হত্যাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ডজন মামলা হয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

স্থানীয় সূত্র জানায়, আতিকুর রহমান টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতা ছিলেন। পরে জেলা যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় পদ না থাকলেও শহর আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। তাঁর বিরুদ্ধে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে শহরের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণের অভিযোগ আছে।