অস্ত্রবাজি আরও বাড়বে, কারণ আমরা ভুল পথে চলছি

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। দিনভর অস্ত্র নিয়ে ছোটাছুটি, গোলাগুলি, ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলে ব্যস্ত ছিলেন প্রার্থীর কর্মী–সমর্থকেরা। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মূলত এসব ঘটনা ঘটে। নির্বাচনের এসব বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম জেলার সভাপতি মুহাম্মদ সিকান্দার খানের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম আলো: ইউপি নির্বাচনের শুরু থেকে সহিংসতা দেখা গিয়েছিল। শেষ ধাপে এসে তা আরও বেড়েছে। এর কারণ কী?

সিকান্দার খান: নির্বাচনে অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ঘটছে। আমরা নিজেদের মূল্যায়ন করতে পারছি না। সবাই মনে করছেন, ‘আমি পিছিয়ে থাকব কেন? একটু চাইলেই দারুণভাবে আলোচিত হতে পারি।’ পদপদবির জন্য এখন খাটাখাটনি করতে হয় না। উপযুক্ত কাজ না করে সহজেই তা পাওয়া যায়। ভুঁইফোড় বেড়ে গেছে। যাঁর যেটা হওয়ার নয়, তিনি সেটা হয়ে যাচ্ছেন। নেতা হওয়ার কৌশল পাল্টে গেছে। আগে নেতা হওয়ার জন্য মানুষের কাছে যেতে হতো, কাজ করতে হতো; এখন তা করতে হয় না।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রথম আলো: স্থানীয় সরকার নির্বাচন কেমন হওয়া উচিত?

সিকান্দার খান: আগে আমরা ইউনিয়নকে বোর্ড বলতাম। তখন মেঠোপথ ছিল। আমরা তখন দেখতাম, যাঁরা এসব রাস্তা মেরামত বা গড়ার কাজ তদারক করতেন, তাঁরাই মেম্বার বা চেয়ারম্যান। মানুষও তাঁদের চিনতেন জনপ্রতিনিধি হিসেবে। এখন কয়জন মেম্বার বা চেয়ারম্যানকে আপনি রাস্তা মেরামতের তদারকিতে দেখেন? চোখে না দেখেই মানুষ ভোট দিচ্ছেন রঙিন পোস্টার দেখে। তাঁরাও চেয়ারে বসে যাচ্ছেন। মানুষের জন্য, সমাজের জন্য কাজ না করেই তাঁরা চেয়ার পাচ্ছেন।

প্রশ্ন :

প্রথম আলো: এই অস্ত্রবাজির শেষ কোথায়?

সিকান্দার খান: অস্ত্রবাজি বরং বাড়ছে ক্রমাগত। সামনে আরও বাড়বে। কারণ, আমরা পদ্ধতিগতভাবে ভুল পথে চলছি। এখন কার কাছে কত বন্দুক আছে, তার প্রচলন হয়েছে। শর্টকাট পদ্ধতিতে চেয়ারে কীভাবে বসা যায়, তা নিয়ে ভাবছি। শিশুরা এখন বড়দের কাছ থেকে এগুলো শিখছে। তাদের মধ্যেও আস্তে আস্তে সহজে কীভাবে ক্ষমতা ভোগ করা যায়, সেই মানসিকতা তৈরি হচ্ছে। ক্ষমতা ভোগ করার সহজ পথ হচ্ছে রাজনীতি। এ কারণে এখন শিক্ষকেরাও কোনো স্কুলছাত্রকে কিছু বলতে ভয় পান।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রথম আলো: সাধারণ ভোটাররা তো ভোট দিতে পারেননি অনেক জায়গায়। তা নিয়ে কী বলবেন?

সিকান্দার খান: আমার বাক্সে কীভাবে ভোট আনছি, সেটা সবাই দেখছেন। চেয়ারে বসতে হলে ওই লক্ষ্যভেদী মানুষ হতে হবে। অস্ত্র চালাতে জানতে হবে। শুধু চেয়ারম্যান নয়, মেম্বারগিরি করতে গিয়েও মানুষ মারছেন। এগুলো দেখে শিশুদের জন্য খারাপ লাগে; অথচ বড়রা তাদের এসবই দেখাচ্ছেন।

আরও পড়ুন