গ্রামবাসীর কৌতূহল আর আতঙ্ক এবং স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের তৎপরতা মাদারীপুরের কালকিনি উপজেলার চারজন লাইবেরিয়াপ্রবাসী ও তাঁদের পরিবারকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। লাইবেরিয়া থেকে আসা ওই চারজন ইবোলায় আক্রান্ত এমন গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী তাঁদের নানা রকম প্রশ্ন করছে, এড়িয়ে চলছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ইতিমধ্যে একটি পরিবার এলাকা ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) বে-নজীর আহমেদ প্রথম আলোকে বলেন, লাইবেরিয়া থেকে আসা চারজন সুস্থ আছেন। তাঁরা যেন কোনো বিব্রতকর পরিস্থিতির মুখে না পড়েন তা দেখার দায়িত্ব স্থানীয় সরকার প্রশাসনের, স্বাস্থ্য বিভাগের ও গণমাধ্যমের।
তবে এই চারটি পরিবারকে বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ বা অন্য কোনো পক্ষ থেকে কোনো উদ্যোগ গতকাল শুক্রবার পর্যন্ত নেওয়া হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬ অক্টোবর লাইবেরিয়া থেকে ছয়জন প্রবাসী বাংলাদেশে ফেরেন। তাঁদের চারজনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। বাকি একজনের বাড়ি বরিশালে এবং অন্যজনের খুলনা জেলায়।
মাদারীপুরের কালকিনি উপজেলার একজন লাইবেরিয়াপ্রবাসী দুই মাসের ছুটিতে দেশে এসেছেন। এলাকায় আসার পরই গুজব ছড়িয়ে পড়ে যে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত। এর পর থেকেই উৎসুক গ্রামবাসী তাঁর খোঁজখবর নিতে শুরু করে। তিনি প্রথম আলোকে জানান, কোথাও গেলে তাঁকে ঘিরে মানুষের জটলা তৈরি হচ্ছে। নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
অন্য গ্রামের লাইবেরিয়া ফেরত একজনের বাড়িতে প্রতিবেশী ও আত্মীয়দের দাওয়াত ছিল। কিন্তু গুজব ছড়ায় যে নিমন্ত্রণকারী ইবোলায় আক্রান্ত। কোনো আত্মীয় ও প্রতিবেশী ওই বাড়িতে দাওয়াত খেতে আসেননি। ওই পরিবারের সবাই গ্রাম ছেড়ে সাভার চলে গেছে।
চারজনের একজন লাইবেরিয়ার মনরোভিয়া শহরে একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করেন। তিনি প্রথম আলোকে বলেন, দেশে ফেরার পথে দুবাইতে ১২ ঘণ্টা ও মরক্কোতে তিন ঘণ্টার যাত্রাবিরতি ছিল। ওই দুটি বিমানবন্দরে ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর শরীরের তাপমাত্রা ও রক্তচাপ পরীক্ষা করা হয়েছিল। তিনি বলেন, ‘বাড়ির বাইরে কোথাও যেতে পারি না। মানুষ আমাকে ঘিরে নানা ধরনের বিব্রতকর প্রশ্ন করে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিদিন দুবেলা আমার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে। পাঁচ বছর পর দেশে ফিরে পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাব, তারও সুযোগ নেই। এভাবে হয়রানির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করতে পারিনি।’
গ্রামের মানুষ ও লাইবেরিয়া ফেরত প্রবাসীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের তৎপরতার কারণেও মানুষের মনে নানা সন্দেহ ও কৌতূহল দেখা দিয়েছে। এঁদের বাড়িতে প্রতিদিন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা যাচ্ছেন।
মাদারীপুরের সিভিল সার্জন বাসুদেব কুমার দাস জানিয়েছেন, তিনি নিজে একদিন প্রবাসীদের সম্পর্কে জানতে কালকিনি গিয়েছিলেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিদিন এদের খবর নিচ্ছেন। এ ছাড়া প্রতিটি গ্রামের স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা দিনে দুবার তাঁদের বাড়িতে যাচ্ছেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশেই এটা করা হচ্ছে।
বে-নজীর আহমেদ বলেন, আন্তর্জাতিক নীতিমালা মেনেই স্বাস্থ্য বিভাগের কর্মীরা বিদেশ থেকে আসার পর ২১ দিন পর্যন্ত তাঁদের খোঁজ নেবেন। তিনি বলেন, অপ্রয়োজনে অন্য কারও তাঁদের কাছে যাওয়া উচিত না। তাঁরা সবাই ভালো আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগস্টের পর লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওন—পশ্চিন আফ্রিকার এই তিনিট দেশ থেকে ১৮১ জন বাংলাদেশে এসেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের প্রত্যেক্যের স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত ইবোলায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি।
এ বছর আগস্টে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। এখন রোগটি ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রোগ নিরাময়ে কার্যকর কোনো ওষুধ এখনো তৈরি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইবোলায় আক্রান্ত ব্যক্তির হঠাৎ তীব্র জ্বর হয়, মানুষ খুবই ক্লান্তবোধ করে, শরীর ব্যথা করে, মাথাধরা থাকে এবং ক্ষুধা থাকে না।