অ্যাম্বুলেন্স ও ইসিজিযন্ত্র বিকল, দুর্ভোগ

হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আট বছর ধরে বিকল। ইসিজিযন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সংকটে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের গাইনি বিভাগে আছে চিকিৎসক–সংকট। এ অবস্থায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা পড়েছেন দুর্ভোগে। স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই হাসপাতালে। এতে বাইরে বিভিন্ন ধরনের পরীক্ষা করাতে গিয়ে রোগীদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, হাসপাতালটির প্রতি কারও মনোযোগ নেই। সেবাপ্রার্থীরা জেনে গেছেন, এখানে যন্ত্রপাতি নেই, অস্ত্রোপচার করা হয় না। তাই এখানে না এসে রংপুর-বগুড়ায় ছুটে যান। হাসপাতালটি হয়ে গেছে সাধারণ জ্বর-সর্দি–কাশির হাসপাতাল।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে প্রতিদিন ২৫০-৩০০ মানুষ শুধু জরুরি বিভাগ থেকে চিকিৎসা নেন। ভর্তি থাকেন প্রতিদিন ৩৫-৪০ জন। শুধু ঘোড়াঘাটই নয়, পাশের জয়পুরহাট ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের মানুষও চিকিৎসা নিতে আসেন এখানে। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সেবাপ্রার্থীরা। ফলে স্থানীয় অনেকে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুর মেডিকেলে কিংবা ৫৬ কিলোমিটার দূরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা বলেন, চিকিৎসকসহ প্রথম শ্রেণির ১৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৯ জন। হাসপাতালে চিকিৎসকের সাতটি পদ আছে। সেখানে বর্তমানে কর্মরত আছেন পাঁচজন। তাঁদের মধ্যে তিনজন আবার প্রেষণে দায়িত্ব পালন করছেন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। তবে ৪২তম বিসিএসে নিয়োগ পাওয়া আটজন সহকারী সার্জন এ হাসপাতালে সম্প্রতি যোগ দিয়েছেন। ফলে চিকিৎসক–সংকট বর্তমানে কিছুটা কম।

হাসপাতাল সূত্র জানায়, গাইনি বিভাগে দুজন থাকার কথা। তবে একটি পদ শূন্য। হাসপাতালে গাইনি অ্যান্ড অবস বিভাগে দায়িত্ব পালন করছেন জুনিয়র কনসালট্যান্ট খাদিজা বেগম। তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে ১৩ মার্চ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। এ বিষয়ে খাদিজা আক্তার বলেন, হাসপাতালে সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি নরসিংদী। এ জন্য নিয়মিত কর্মস্থলে যেতে পারেন না। তিনি বদলির আবেদন করেছেন।

উপজেলার লালমাটি এলাকার লিটন মিয়া বলেন, ১৮ মার্চ তাঁর স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ওই দিন দুপুরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে জানতে পারেন, চিকিৎসক নেই। পরে মাইক্রোবাস ভাড়া করে পাশের গাইবান্ধা সদরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্ত্রী সন্তান প্রসব করেন।

সিনিয়র স্টাফ নার্স আনজুয়ারা বলেন, এ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা নেই। হাসপাতালে স্বাভাবিক প্রসব হয়। প্রতি মাসে গড়ে এখানে ৩০টি স্বাভাবিক প্রসব করানো হয়। আল্ট্রাসনোগ্রামের ব্যবস্থা নেই। সপ্তাহখানেক আগে আল্ট্রাসনোগ্রামের একটি মেশিন এসেছে। কিন্তু মেশিনটি স্থাপন করা হয়নি।

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানায়, পুরোনো ভবনের নিচতলায় পরীক্ষাগার। সনাতন পদ্ধতিতে শুধু মলমূত্র পরীক্ষা করা হয়। ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা উন্নত করতে সেমি–অ্যানালাইজার মেশিন এসেছে। কিন্তু চালু হয়নি। দ্বিতীয় তলায় ইসিজিযন্ত্র নষ্ট হওয়ায় সেখানে ঝুলছে তালা।

হাসপাতাল সূত্র জানায়, এখানে দুটি অ্যাম্বুলেন্স ছিল। একটি আট বছর ধরে একটি অকেজো হয়ে পড়ে আছে। আরেকটি সচল থাকলেও চালক নেই।

উপজেলার নয়াপাড়া গ্রামের জোবায়ের হোসেন জানান, কয়েক দিন আগে এক আত্মীয় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যোগাযোগ করেন। কিন্তু ওই সময় হাসপাতালে অ্যাম্বুলেন্স ছিল না। পরে সদর উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করেন। তিন ঘণ্টা অপেক্ষা করে দ্বিগুণ ভাড়া পরিশোধ করে রোগীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আনোয়ার বলেন,‘ইতিমধ্যে আল্ট্রাসনোগ্রাম ও ল্যাবের জন্য সেমি–অ্যানালাইজার মেশিন পেয়েছি।