অ্যাসিড ছুড়ে মারার ভয় দেখিয়ে ধর্ষণ: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার উত্তম তালুকদার
ছবি: সংগৃহীত

অ্যাসিড মারার হুমকি দিয়ে এক শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম উত্তম তালুকদার। আজ বৃহস্পতিবার নগরের পাহাড়তলী রেলওয়ে কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ আজ বিকেলে নগরের চান্দগাঁও র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার উত্তম তালুকদার সব সময় নিজের কাছে অ্যাসিডের বোতল রাখতেন। অ্যাসিড ছুড়ে মারার ভয় দেখিয়ে ধর্ষণ করতেন। ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাউজানে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে অ্যাসিড ছুড়ে মারার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। মামলাটি আলোচিত হওয়ায় ২০১৮ সালে এ মামলার রায় দেন আদালত। আদেশে আসামি উত্তমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে আসামি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব উত্তমকে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।