অ্যাসিড নিক্ষেপের মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অ্যাসিড নিক্ষেপের মামলায় গাজীউর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার মেহেদুল করিম গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা তালুকদার পাড়ার মৃত হযরত আলীর ছেলে হায়দার আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর সৎবোন মালেকা বানুর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হায়দার, তাঁর দুই ছেলে দুলাল হোসেন, মিঠুসহ কয়েকজন সিঁধ কেটে মালেকার শোবার ঘরে প্রবেশ করেন। পরে তাঁরা মালেকার শরীরে অ্যাসিড দিয়ে দরজা খুলে পালিয়ে যান। পরে এ ঘটনায় গত শনিবার আহত মালেকা বাদী হয়ে হায়দার আলী, তাঁর দুই ছেলে দুলাল হোসেন ও মিঠু, হায়দারের বোনজামাই গাজীউর রহমান, ফুফাতো ভাই রুহুল আমিনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ গত শনিবার বিকেলে গাজীউর রহমানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় হায়দার কৌশলে পালিয়ে যান। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে গতকাল গাজীউরকে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়ে দেয়।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মেহেদুল করিম। এ সময় তিনি স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মালেকার ছোট বোনজামাই মারফত আলী বলেন, ‘মালেকার স্বামী যেহেতু মানসিক প্রতিবন্ধী তাই আমাকেই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। শনিবার বিকেলে আসামির পক্ষে দক্ষিণ রামখানা সিঙ্গিমারী গ্রামের সবুর উদ্দিন ও তাঁর ছেলে নুর আলম মুঠোফোনে আমাকে মামলা তুলে নিতে হুমিক দেন।’ তবে এ বিষয়ে জানতে সবুর ও নুর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান বলেন, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য চার আসামি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদীর পরিবারকে হুমিক দেওয়ার বিষয়টি আমাদের জানানো হয়নি। জানালে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।