অ্যাসিডদগ্ধ তরুণীর চোখের ক্ষতি পরীক্ষা করবেন চিকিৎসকেরা
কক্সবাজারের রামুতে অ্যাসিড–সন্ত্রাসের শিকার তরুণী তৈয়ূবা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর ডান চোখ ও মুখের একপাশ ঝলসে গেছে। তাঁর চোখের কতটা ক্ষতি হয়েছে, তা পরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘তৈয়ূবার ডান চোখ ও মুখের একপাশ ঝলসে গেছে। আমরা তাঁর মুখের অংশের চিকিৎসা দিচ্ছি। আর তাঁর চোখ দেখার জন্য চক্ষু বিভাগের চিকিৎসকদের ডাকা হয়েছে। চোখের ক্ষতির বিষয়টি তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন।’
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মোজাফফর আহমদের মেয়ে তৈয়ূবা (২০)। একই ইউনিয়নের শাহ মোহাম্মদপাড়ার নুরুল আজিমের সঙ্গে আগামীকাল শুক্রবার তৈয়ূবার বিয়ের দিন ধার্য ছিল। গত সোমবার গভীর রাতে তাঁকে অ্যাসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার সকালে তৈয়ূবাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তৈয়ূবাকে গতকাল বুধবার চমেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করেন তৈয়ূবার বাবা মোজাফফর আহমদ। অ্যাসিড অপরাধ দমন আইনের এই মামলায় মাঝিরকাটা গ্রামের নুরুল আবছার ও তাঁর ভাই ফরিদ আলমকে আসামি করা হয়েছে।
পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নুরুল আবছারকে (৩২) গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি ফরিদ আলমকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহারে বলা হয়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে মাকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে শৌচাগারে যান তৈয়ূবা। এ সময় প্রতিবেশী নুরুল আবছার ও তাঁর ভাই ফরিদ আলম তৈয়ূবার মুখে অ্যাসিড ছুড়ে মারেন। তৈয়ূবার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে নুরুল ও ফরিদ পালিয়ে যান। তৈয়ূবার বাবা মোজাফফর আহমদ বলেন, আসামিরা পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে বিয়ের আগে অ্যাসিড ছুড়ে মেরেছেন।