অ্যাসিডদগ্ধ শেলীর পুনর্বাসনে সহায়তা
অ্যাসিডদগ্ধ শেলী আক্তারের চিকিৎসার পর এবার তাঁর পুনর্বাসনে আর্থিক সহায়তা দিয়েছে প্রথম আলো। গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে তাঁর হাতে নগদ অর্থ তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় শেলীর মা হোসনে আরা বেগম ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার উপস্থিত ছিলেন।
সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে গত বছরের ২৬ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন শেলী আক্তার ও তাঁর মা। এ ঘটনায় শেলীর মুখমণ্ডলসহ শরীরের ১৫ শতাংশ এবং তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। ঘটনার পর সাবেক স্বামী মো. জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেন শেলী। অ্যাসিডদগ্ধ শেলী ও তাঁর মায়ের চিকিৎসা চলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে তাঁদের চিকিৎসা ব্যয় বহন করা হয়।
পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা পাওয়ার পর শেলী বলেন, তিনি পুরোনো ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান। মায়ের সঙ্গে মিলে ক্ষুদ্র ব্যবসা করবেন। পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে শেলী ও তাঁর মায়ের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এ পর্যন্ত এক লাখ টাকা দেওয়া হয়েছে।