পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান ও স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ একে অপরের কর্মী-সমর্থকদের ওপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। আর সোমবার লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী।
নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান অভিযোগে বলেন, ‘নৌকার গণজোয়ার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ শাকুর। তিনি (হাসান) নির্বাচনী প্রচার চালাচ্ছেন বহিরাগতদের দিয়ে। স্থানীয় ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে। নির্বাচনী বিধি লঙ্ঘন করে চিহ্নিত সন্ত্রাসীরা ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে।’
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ বলেন, ‘নৌকার প্রার্থীর ব্যক্তিগত সমর্থন না থাকায় প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। সোমবার রাতে রাসেল নামে আমার এক কর্মী গুরুতর আহত হয়েছেন।’
দুই প্রার্থীর অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সপ্তম ধাপে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। অপর তিন প্রার্থী হলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহাবুব হোসেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নাসিম আরেফিন, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রেজাউল হাওলাদার। ইউপিতে মোট ভোটার ৭ হাজার ৩২০। এর মধ্যে নারী ৩ হাজার ৬২৮ ও পুরুষ ৩ হাজার ৬৯২।