আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় দুজনের স্পিডবোট ব্যবসা বন্ধের অভিযোগ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুজনের স্পিডবোট ব্যবসা বন্ধের অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করতে জেলা স্থানীয় আওয়ামী লীগ ও স্পিডবোট মালিক সমিতির নেতারা তাঁদের স্পিডবোট বন্ধ করে দিয়েছে।
দুই বিদ্রোহী প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোহসীন রাজু।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার আরিচা ও পাবনার বেড়া উপজেলা কাজিরহাট নৌপথে ২২টির মতো স্পিডবোট যাত্রী বহন করে আসছে। এর মধ্যে মোহসীন রাজু ও আবদুস সালামের একটি করে স্পিডবোট এ নৌপথে চলাচল করত। তবে গত শনিবার থেকে তাঁদের স্পিডবোট দুটি আর চলতে দেওয়া হচ্ছে না। দুই বিদ্রোহী প্রার্থীর দাবি, জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও আরিচা স্পিডবোট মালিক সমিতির সভাপতি আবদুর রহিম খান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসের নির্দেশে হঠাৎ করে তাঁদের স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মোহসীন রাজু বলেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা মেনে স্পিডবোটের ব্যবসা করে আসছেন। এই ব্যবসা থেকে উপার্জন দিয়ে তাঁর পরিবার চলে। কোনো নোটিশ ছাড়াই গত শনিবার থেকে তাঁর স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্নভাবে তাঁকে চাপ দেওয়া হচ্ছে।
আবদুস সালাম বলেন, ভোটারদের চাপেই তিনি শিবালয় ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁকে চাপ দিয়ে আসছিলেন দলীয় নেতারা। বৈধ কাগজপত্র থাকার পরও এখন মালিক সমিতির লোকজন তাঁর স্পিডবোট বন্ধ করে দিয়েছেন।
স্পিডবোট পরিচালনার দায়িত্বে থাকা নজরুল ইসলাম বলেন, মালিক সমিতির নির্দেশে ওই দুই প্রার্থীর স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টির জন্য নয়; স্পিডবোট দুটির বৈধ কাগজপত্র নেই, এ কারণে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দুটি স্পিডবোট বন্ধ করা হয়েছে।
তবে দুই বিদ্রোহী প্রার্থীর স্পিডবোট বন্ধ করে দেওয়ার বিষয়ে জানেন না বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি আবদুর রহিম খান। তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তাঁদের বৈধ কাগজপত্র থাকলে স্পিডবোটে যাত্রী পারাপার করতে কোনো সমস্যা নেই।
জানতে চাইলে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপপরিচালক (বন্দর ও পরিবহন কর্মকর্তা) শাহ আলম বলেন, স্পিডবোট দুটির মালিকের বৈধ কাগজপত্র আছে। তাঁদের স্পিডবোট বন্ধ করে দেওয়ার বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১ জানুয়ারি উপজেলার সাত ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।