আ. লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলি মুনছুর বাবু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমানের কাছে প্রতিনিধির মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন তিনি।
আলি মুনছুর চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলি আজগারের ছোট ভাই ও দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাঁর পক্ষে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবং সাংসদ আলি আজগারের পরামর্শে তিনি (আলি মুনছুর) মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।