আ.লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বসুনিয়া ও তাঁর ছেলে সুমন বসুনিয়ার বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ী আবদুস সালাম।
আবুল কালাম আজাদ বসুনিয়া ৩১ অক্টোবর অনুষ্ঠেয় বাউড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা।
ওই ব্যবসায়ী ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে বাউরা বাজারের সেতু মোড় এলাকায় সরকারি ১৯ দশমিক ৪৮ বর্গমিটার খাসজমি স্থানীয় ভূমি কার্যালয় থেকে ইজারা নিয়ে ইলেকট্রনিকসের ব্যবসা করছেন ব্যবসায়ী সালাম। কিছুদিন ধরে ওই জমিটি নিজেদের দাবি করে দখলের হুমকি দিচ্ছিলেন বাউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ও তাঁর ছেলে সুমন। সম্প্রতি দোকানঘরটি মেরামত করতে গেলে সালামকে বাধা দেন তাঁরা। বিষয়টি নিয়ে গত ২২ সেপ্টেম্বর ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর ইজারার প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত অভিযোগ করেন সালাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতমঙ্গলবার দুপুরে সরেজমিনে তদন্ত করে সালামকে তাঁর ডিসিআরভুক্ত জমির সীমানা নির্ধারণসহ ঘর নির্মাণের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন। ওই দিন রাতে আবুল কালাম আজাদ ও সুমন দলবল নিয়ে সালামের দোকান থেকে মালামাল সরিয়ে তালা লাগিয়ে দেন। এ সময় ওই দোকানের সামনে বাঁশের খুঁটির ওপর কাঠের তৈরি একটি ছোট নৌকা ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় থানায় গত বুধবার লিখিত অভিযোগ দেন সালাম।
সালাম বলেন, ‘আমার দোকানঘর দখলসহ নির্বাচনী প্রতীক হিসেবে নৌকা তুলে রাখার ঘটনায় গত বুধবার থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়নি।’ তবে আবুল কামাল আজাদ ওই জমি ও দোকানঘর নিজের দাবি করে বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচন করছি। তাই আমার ঘরের সামনে নৌকা প্রতীক তুলে রেখেছি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘যেহেতু সরকারি জমি ইজারা দেওয়া হয়েছে। তাই বিষয়টি ইউএনও সাহেবকে জানানো হয়েছে। তিনি (ইউএনও) বলেছেন, তদন্ত করে জানানো হবে।’
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমিন বলেন, ‘ইজারার বৈধ কাগজপত্র থাকায় সালামকে জায়গাসহ তাঁর দোকানঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করেন। দোকানঘরে তালা লাগিয়ে দখলের চেষ্টা করার বিষয়টি শুনেছি।’