আ.লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় যুবলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনের নির্বাচনী উঠান বৈঠকে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন মেয়র। এতে তাঁর অন্তত ৪০ জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি জানান।
আহত ব্যক্তিদের মধ্যে হাবিব, কহিনূর, শঙ্কর, মাহবুব, অজয়, বাবুলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অন্তত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেয়র শাহাদাত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসান জেলা যুবলীগের সভাপতি।
মেয়র শাহাদাত অভিযোগ করেন, শহরের ডি কে পি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল সন্ধ্যায় তিনি উঠান বৈঠকের আয়োজন করেন। বৈঠক শুরু হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের নেতৃত্বে নৌকা প্রতীকের মিছিল নিয়ে যুবলীগের শ খানেক নেতা-কর্মী রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান। তাঁরা চেয়ার-টেবিল ভাঙচুরসহ লোকজনকে বেধড়ক পেটাতে থাকেন। এতে আতঙ্কিত হয়ে তাঁর লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় ২০ মিনিট তাণ্ডবের পর হামলাকারীরা মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় অন্তত ৪০ জন আহত হন।
মেয়র শাহাদাত আরও বলেন, হামলাকারীরা চলে যাওয়ার পর তাঁর সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সদর রোডে জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হন। কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। তখন তাঁরা সেখান থেকে শহরের পশ্চিম বরগুনা এলাকায় মেয়রের কার্যালয়ের সামনে জড়ো হন। কিন্তু পুলিশ তাদের মারধর শুরু করে। একই সঙ্গে সেখানে হাজির হন যুবলীগের নেতা-কর্মীরা। তখন মেয়র প্রার্থী ও তাঁর স্ত্রী হেনোরা বেগম, মেয়ে মহসীনাসহ নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন।
উঠান বৈঠকে হামলা করা হবে জানিয়ে যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী গতকাল দুপুরেই হুমকি দিয়েছেন, ‘আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ আমাদের ওপর উল্টো হামলা করেছে।’
রাত আটটার দিকে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘শাহাদাত হোসেনের সমাবেশের পাশ দিয়ে আমার কর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিলেন। তখন সেখান থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় সংঘর্ষ হয়। এতে আমার কয়েকজন কর্মীও আহত হয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ প্রথম আলোকে, মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার জন্য বিকেল পাঁচটার দিকে সেটি পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেন।
তবে পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কোনো প্রার্থীর অভিযোগ তিনি পাননি। এরপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
মেয়র ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর পুলিশের হামলার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, পুলিশ হামলা বা মারধর কিছুই করেনি। শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাঁদের সরিয়ে দেওয়া হয়।