বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ, সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিএনপি-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ বিজয়ী হয়েছে।
গতকাল শুক্রবার সকাল নয়টায় নির্বাচনের ফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপপরিষদের প্রধান ভানু লাল দাস। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কোনো পদ পায়নি।
নির্বাচন উপপরিষদের প্রধান ভানু লাল দাস বলেন, সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি মজিবর রহমান পেয়েছেন ৩৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৩২২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের প্রার্থী মো. নাজিম উদ্দিন পান্না। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী পরিষদের মামুন অর রশীদ পেয়েছেন ২৫৫ ভোট।
সহসভাপতির দুই পদে ঐক্য পরিষদের মো. মহসিন ও সম্মিলিত পরিষদের রতন কুমার শীল বিজয়ী হয়েছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের আতিকুর রহমান। নির্বাহী সদস্য পদে সম্মিলিত পরিষদের কে এম গোলাম ছরোয়ার, প্রদীপ কুমার রায়, মো. আহাদ আলী খান এবং এ কে এম সাইদুল হক খান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপপরিষদের পাঁচ পদের মধ্যে আওয়ামী লীগের মো. আসাদুজ্জামান ফিরোজ, সবুর আহম্মেদ, মো. বাহাদুর শাহ; বিএনপির মো. লুৎফর রহমান মোল্লা ও কাজী বশিরউদ্দিন বিজয়ী হয়েছেন।