আইএস পরিচয়ে হত্যার হুমকি এরপর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দুই ব্যক্তিকে দুই দফা চিঠি পাঠিয়ে হত্যার হুমকি ও সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বাগেরহাট শহরের দশানী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অসিত কুমার দাস (৫২) দশানী এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামে। মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাকের বাগেরহাট সদর শাখার ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বসুকে তিনি হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজনেই অসিতের পূর্বপরিচিত। কলেজশিক্ষক অরুণ চক্রবর্তী ও হুমকিদাতা অসিতের বাড়ি একই গ্রামে। বিকাশ চন্দ্রের বাড়ি গোপালগঞ্জে।
জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, অরুণ ও বিকাশের কাছে গত ২৫ জুলাই ও ১১ আগস্ট হুমকি দিয়ে ডাকযোগে দুটি চিঠি পাঠানো হয়। তাঁরা দুজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চিঠি পড়ে মনে হয়, হুমকিদাতার কাছে হত্যার চেয়ে টাকা পাওয়ার চেষ্টাই মুখ্য।