আইনজীবী হত্যা মামলায় স্ত্রীর পাঁচ দিনের রিমান্ড
সিলেট জেলা জজ আদালতের আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় স্ত্রী শিপা বেগমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে রিমান্ড শুনানি শেষে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার শিপা বেগমের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ মে বেলা সাড়ে তিনটার দিকে স্ত্রী শিপা বেগম তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করেন। তখন তিনি নিজ বাসায় আইনজীবী আনোয়ার হোসেনের মারা যাওয়ার খবর দেন। তিনি স্বজনদের বলেছিলেন, ৩০ এপ্রিল ভোরে সাহরি খাওয়ার পর ঘুমিয়ে পড়েন আনোয়ার। পরদিন দুপুরে বিছানায় মৃত অবস্থায় তাঁকে পান তিনি। স্বাভাবিক মৃত্যু ভেবে ওই দিন রাতে আনোয়ারের লাশ দাফন করেন স্বজনেরা। কিন্তু ১০ দিন যেতে না যেতেই শিপা বেগম অন্যত্র বিয়ে করেছেন বলে খবর পান আনোয়ারের স্বজনেরা। এ ব্যাপারে জানতে চাইলে শিপা বেগম তাঁর দেবর (আনোয়ারের ভাই) মনোয়ার হোসেনকে বলেন, তাঁর বর্তমান স্বামী পূর্বপরিচিত। এতে পরিবারের সন্দেহ আরও গাঢ় হয়। আনোয়ারের মৃত্যুর এক মাস পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
১ জুন ভাই মনোয়ার হোসেন আদালতে মামলার আবেদন করেন। গত বুধবার আদালতের নির্দেশে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা নেওয়া হয়। মামলায় স্ত্রী শিপা বেগম ছাড়াও আনোয়ারের শাশুড়ি রেশনা বেগম, শিপা বেগমের বর্তমান স্বামী শাহজাহান চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। শিপা বেগমকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। ওই দিন রিমান্ড আবেদন করলেও শুনানি হয় রোববার।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী বলেন, আদালত শিপা বেগমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কাগজ হাতে আসার পর তাঁকে সোমবার থেকে রিমান্ডে নেওয়া হবে। হত্যা মামলাটিতে আর কেউ আটক কিংবা গ্রেপ্তার হননি জানিয়ে তিনি বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।’