নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে দেওয়া সংবর্ধনা বর্জন করে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একাংশ। গতকাল সোমবার বিকেলে সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল দুপুরে সমিতির সাধারণ সম্পাদকসহ আইনজীবীদের একাংশ মেয়রকে দেওয়া সংবর্ধনার প্রতিবাদ সমাবেশ করেন। তাঁরা বলেন, অতীতে কোনো মেয়র বা রাজনৈতিক নেতাকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়নি। মেয়রকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে সমিতির সভায় সব সদস্য একমত হননি। এ সংবর্ধনার মাধ্যমে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আর সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়লাভ করে বিএনপিপন্থী আইনজীবীরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, কোনো রাজনৈতিক ব্যক্তিকে অতীতে সংবর্ধনা দেওয়া হয়নি। এমনকি চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মনজুর আলমকেও সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়নি। স্বাধীনতার আগে ও পরেও কোনো মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়নি। কোনো মন্ত্রী বা মেয়র সমিতির কার্যালয়ে এলে মতবিনিময় সভা হয়। মেয়র নাছিরকেও সমিতিতে মতবিনিময় করতে আসতে বলা হয়েছিল। তখন তাঁকে ফুল দিয়ে বরণ করা হতো।
আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সমিতির সভাপতি তাঁর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কার্যনির্বাহী পরিষদের মুলতবি সভায় এজেন্ডা-বহির্ভূত বিষয়ের সূত্রপাত করেন গত বৃহস্পতিবার। তিনি মেয়র নাছিরকে সংবর্ধনার প্রস্তাব করেন। সমিতির সাধারণ সম্পাদকসহ ছয়জন আপত্তি করলেও তিনি তা শোনেননি। জোর করে সংবর্ধনা সভার আয়োজন করেন। এ জন্য সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক বলেন, কার্যনির্বাহী পরিষদের সভায় ছয়জন বিরোধিতা করলেও নয়জনের ভোটে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় এজেন্ডা না থাকলেও বিবিধ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে কেউ সংবর্ধনার আয়োজন করেনি বলে এখন করা যাবে না, এমন কোনো নিয়ম নেই।’
গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
সংবর্ধনা সভা বর্জন করে গতকাল দুপুরে নতুন আদালত ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ করে সমিতির একাংশ ও বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপিপন্থী আইনজীবীদের নেতা আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এনামুল হক, সহসভাপতি আফাজুর রহমান, পাঠাগার সম্পাদক শওকত আউয়াল চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী, নির্বাহী সদস্য রফিকুল আলম, রবিউল হোসেন নয়ন, হেলাল উদ্দিন, মাশকুরা বেগম, বিএনপিপন্থী আইনজীবী হায়দার মো. সোলেমান, শামসুল ইসলাম, এসইউ এম নুরুল ইসলাম প্রমুখ।
সড়কের এক পাশ বন্ধ রেখে সংবর্ধনা, ক্ষুব্ধ মেয়র: নগরের জুবিলী সড়কের এক পাশ বন্ধ রেখে গত রোববার রাতে চট্টগ্রাম হকার্স ঐক্য পরিষদ নামের একটি সংগঠন মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেয়। এভাবে সংবর্ধনার সভার আয়োজন করায় বিরক্তি প্রকাশ করেন মেয়র।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যালয় দারুল ফজল মার্কেটের সামনে এ সংবর্ধনা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত পাঁচজন কাউন্সিলরকেও সংবর্ধনা দেওয়া হয়। মেয়র নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান মঞ্চে আসেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, সড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশে যানজটের সৃষ্টি হয়।
সড়কে সংবর্ধনার বিষয়ে মেয়র আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘রাস্তা বন্ধ করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মেয়র। অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। আয়োজকেরা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় শেষ পর্যন্ত রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে যান মেয়র। তবে রাস্তায় এ ধরনের আর কোনো অনুষ্ঠান না করার শর্ত দেন হকার্স নেতাদের।’
যোগাযোগ করা হলে সংগঠনের সভাপতি ঋষি দাশ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্বীকার করছি মানুষের কষ্ট হয়েছে, যানজট হয়েছে। আর আমরা রাস্তায় থাকি। সংগঠনও গরিবদের। হল বা কমিউনিটি সেন্টার ভাড়া করার সামর্থ্য আমাদের নেই। তাই রাস্তায় সংবর্ধনা দিতে হয়েছে। লোকজনকে কিছুক্ষণ কষ্ট করতে হয়েছে। এ জন্য আমরা দুঃখিত।’