
পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রামের তিন ভাই ১১ দিন ধরে নিখোঁজ। স্বজনদের দাবি, ১১ মে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় থানার পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে।
তিন সহোদর হলেন টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫) ও সাদ্দাম সরদার (২০)। তাঁরা কৃষিশ্রমিক।
সহোদরদের বাবা আব্দুল করিম সরদার প্রথম আলোকে বলেন, ঘটনার রাতে তাঁর তিন ছেলে বাড়িতেই ছিলেন। তাঁরা স্ত্রী-সন্তানদের নিয়ে নিজ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটার দিকে একদল কালো পোশাকধারী লোক এসে তাঁদের নাম ধরে ডাকতে থাকেন। জানতে চাইলে তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। একপর্যায়ে তিন ভাই ঘর থেকে বেরিয়ে আসেন। তখন লোকগুলো তাঁদের ধরে একটি সাদা মাইক্রোবাসে তোলেন।
আব্দুল করিম আরও বলেন, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে এসে শার্ট-প্যান্ট ও লুঙ্গি পরা আরও ১৫-২০ জনকে দেখতে পান। তাঁদের মধ্যে পাশের সাভার গ্রামের কয়েকজন ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই দুটি মাইক্রোবাসে করে সবাই চলে যায়। যাওয়ার সময় একজন বলেন, ‘আমরা ওদের নিয়ে গেলাম, পরে ছেড়ে দেব।’ এরপর থেকে তাঁর তিন ছেলের আর কোনো খোঁজ মেলেনি। ফরিদপুর থানার পুলিশকে বিষয়টি তিনি জানিয়েছিলেন। কিন্তু পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে পুলিশ নেয়নি। এখন আবার নিতে চাইছে। কিন্তু তিনি থানায় নয়, আদালতে মামলা করবেন বলে গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানিয়েছেন।
বেশ কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষিশ্রমিক তিন ভাই বাড়িতেই থাকতেন। মাস খানেক আগে পাশের সাভার গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত থাকতে পারেন, এমন অভিযোগ অনেকেই শুনেছেন। খুনের ঘটনার সঙ্গে তিন ভাইকে তুলে নেওয়ার কোনো যোগসূত্র থাকতে পারে বলে তাঁদের ধারণা।
তিন ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার খাগরবাড়িয়া গ্রাম থেকে বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি স্থানীয় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্রাম হোসেন প্রমুখ। তাঁরা অবিলম্বে তিন ভাইকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
জানতে চাইলে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ওই তিনজনের বাবা বিষয়টি থানায় জানানোর পর আমরা বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়েছি। কোথাও তাঁদের সন্ধান মেলেনি। তদন্ত করে জিডি নেওয়ার কথা তাঁদের বাবাকে বলেছিলাম। পরে তিনি আর জিডি করতে রাজি হননি।’ তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে সাদ্দাম ও এরশাদের বিরুদ্ধে ফরিদপুর থানায় মারপিটের তিনটি মামলা রয়েছে।
মুঠোফোনে প্রতারণা: নিখোঁজ তিন সহোদরকে পাওয়া গেছে এমন খবর দিয়ে কৌশলে তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আব্দুল করিম বলেন, ১৪ মে বেলা ১১টার দিকে মিজানুর রহমান পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর মুঠোফোনে যোগাযোগ করেন। মিজান বলেন, তিন ভাইকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য জরুরি তিন হাজার টাকা দরকার। মিজানের দেওয়া একটি বিকাশ নম্বরে করিম ওই টাকা পাঠান। পরে তিনি থানার পুলিশের মাধ্যমে সেখানকার বিভিন্ন ক্লিনিকে খোঁজ নিয়ে খবরটি ভুয়া বলে জানতে পারেন।