মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা
আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে ত্বকী হত্যার বিচার করতে হবে
ত্বকীর হত্যাকারীরা চিহ্নিত। এ মামলার তদন্তকারী সংস্থা র্যাব হত্যার রহস্য উন্মোচন করলেও তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে ত্বকী হত্যার বিচার করতে হবে।
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯৪ মাস উপলক্ষে আজ শুক্রবার মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। এ সময় তাঁরা ত্বকী হত্যার বিচারের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বিকেলে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের মিলনায়তনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ওই অনুষ্ঠান হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংগঠনটির ভবানী শংকর রায় সভাপতিত্ব করেন।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর মেধাবী ছাত্র ত্বকী নিখোঁজ হয়। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি।
রফিউর রাব্বি বলেন, শাসকগোষ্ঠী মনে করে, তারা রাষ্ট্রক্ষমতায় না থাকলে দেশ উন্নত হবে না, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। তাই উন্নয়ন আর জিডিপি দেখিয়ে তারা (শাসকগোষ্ঠী) জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে প্রতিনিয়ত জনগণের মৌলিক অধিকারকে হরণ করে চলেছে। জনগণের বাক্স্বাধীনতা, ভোটাধিকার, বিচার পাওয়ার অধিকারকে হরণ করা হয়েছে। তারা শৃঙ্খলিত করেছে বিচারব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে, সব গণমাধ্যমকে। তারা সব বিরুদ্ধ মত দমন করতে গিয়ে দেশে একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে।
ত্বকীর বাবা বলেন, শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার কারণে ত্বকী হত্যার ঘাতক শনাক্ত হলেও আইনের আওতায় আসে না। অভিযোগপত্র তৈরি করেও তা ৯৪ মাস ধরে আটকে রাখা হয়েছে। জনগণের নিরাপত্তা দেওয়ার শপথ করে শাসকগোষ্ঠী ক্ষমতা গ্রহণ করেছিল, তারাই পদে পদে শপথ ভঙ্গ করে চলেছে, সংবিধান লঙ্ঘন করে চলেছে।
রফিউর রাব্বি বলেন, স্বাধীনতার আগে বিদেশি শাসকগোষ্ঠীর শাসনামলেও এমন বিচারহীনতার নজির ছিল না। দলীয় দুর্বৃত্তদের রক্ষা করার জন্য সরকার প্রায় আট বছর ধরে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছে। তিনি ত্বকীসহ সাগর-রুনি, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠু হত্যার বিচার দাবি করেন। আড়াই বছর আগে নিখোঁজ আড়াই বছরের শিশু সাদমান সাকিকে উদ্ধারের দাবি জানান।
অনুষ্ঠানে দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এই পরিবার নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়ান, নারায়ণগঞ্জের সব হত্যার বিচার করুন।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, সাত বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরি করে রাখার পরেও তা আদালতে পেশ করা হয়নি।
ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, সহসভাপতি ধীমান সাহা, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, কবি ও মানবাধিকারকর্মী শাহেদ কায়েস এবং সামাজিক সংগঠন সমমনার সভাপতি দুলাল সাহা।
বক্তারা বলেন, ত্বকীর খুনি আজমেরী ওসমান কালো গ্লাসের গাড়িতে করে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘাতকদের পাশে নয়, হত্যার বিচারের নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জের ২০ লাখ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর মেধাবী ছাত্র ত্বকী নিখোঁজ হয়। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত গ্রেপ্তার হন। তিনি ওই বছরের ১২ নভেম্বর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরীর নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।