ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল
আইসিইউ চালু হবে কবে?
গত বছরের ১১ এপ্রিল থেকে গত বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত ৫৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
আইসিইউ ও কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অথচ প্রায় আট বছর আগে এখানে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার লাইন স্থাপন করা হলেও পূর্ণাঙ্গভাবে তা চালু করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত মাত্রায় অক্সিজেন সরবরাহ করতে না পারায় এই হাসপাতালের করোনা ইউনিটে বেশ কয়েকজন রোগী মারাও গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা খরচ করে হাসপাতালের সব ওয়ার্ডে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার লাইন স্থাপন করা হয়। তখন প্রতিটি ওয়ার্ডে চারটি করে লাইন (সাদা, কালো, নীল ও হলুদ রং) স্থাপন করা হয়। এর মধ্যে অস্ত্রোপচার কক্ষ ছাড়া কোনো ওয়ার্ডেই বড় সিলিন্ডারে মজুত করে রাখা অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্র আরও জানায়, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর দুই মাস ধরে শুধু নিচতলার করোনা ইউনিটে আট বছর আগে স্থাপন করা কেন্দ্রীয় অক্সিজেন লাইনের মাধ্যমে মজুত রাখা বড় সিলিন্ডার থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কিন্তু সেখানেও ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া এখানে এই ব্যবস্থায় যে মাত্রায় অক্সিজেন সরবরাহ করা হয়, তা দিয়ে সংকটাপন্ন রোগীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। যথাযথ মাত্রায় অক্সিজেন সরবরাহ না করায় করোনা ইউনিটে বেশ কয়েকজন রোগী মারাও গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ১১ এপ্রিল থেকে চলতি মাসের গত বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত ৫৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ও ঢাকায় নেওয়ার পথে পাঁচজন মারা গেছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গত ৩০ জুন রাত সোয়া দুইটার করোনার ইউনিটে ভর্তি হওয়া কসবা উপজেলার রাইতলা গ্রামের শফিক মিয়ার স্ত্রী জুবেদা খাতুনের (৭৫) অক্সিজেনের মাত্রা কমে ৩১ শতাংশে নেমে যায়। অনেক চেষ্টা করে তাঁর অক্সিজেনের মাত্রা ৪০ শতাংশ পর্যন্ত তুলেছেন দায়িত্বরত নার্স। রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
গত মঙ্গলবার রাতে জেলা শহরের কলেজপাড়ার মালেক মিয়ার ছেলে করোনায় আক্রান্ত সাদেক মিয়ার (৬০) অক্সিজেনের মাত্রা কমে ৪০ শতাংশে নেমে যায়। রাত ১২টার দিকে স্বজনেরা তাঁকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। রাত পৌনে একটায় রাস্তায় তিনি মারা যান।
হাসপাতালের করোনা ওয়ার্ডের একাধিক সিনিয়র স্টাফ নার্স প্রথম আলোকে বলেন, রোগীদের অক্সিজেনের মাত্রা কমে গেলে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার মাধ্যমে তাঁদের মাত্রা বাড়াতে হয়। তখন তাঁদের ফুসফুসে অক্সিজেন দিতে হয়। এর জন্য ভেন্টিলেটর ও আইসিইউ থাকতে হবে। অহাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান সমন্বয়ক মুহাম্মদ এনামুল হাসান প্রথম আলোকে বলেন, আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেন সরবরাহের যে লাইন আছে, তা দিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ ১০ লিটার অক্সিজেন করোনার রোগীকে দেওয়া সম্ভব। অক্সিজেনের মাত্রা কমে গেলে করোনা রোগীকে প্রতি মিনিটে সর্বোচ্চ ৩৫-৪০ লিটার অক্সিজেন দেওয়া যায়। ওই সময় রোগীর আইসিইউরও প্রয়োজন হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান বলেন, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে সেন্টাল অক্সিজেনের লাইন চালু আছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ সারা দেশের ৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ১৪ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ফরিদ হোসেন মিঞা সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সহযোগিতার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে চিঠি পাঠান। স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার প্ল্যান্ট স্থাপনের কাজ পায়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কয়েকজন বাসিন্দা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল জেলার ৩৫ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র। কিন্তু এখানে করোনা রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই।