আইসিইউ শয্যাতেও হাই ফ্লো নাজাল ক্যানুলা নেই, সংকটে রোগীরা
বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৯২ করোনা রোগী। শ্বাসকষ্ট থাকা এই রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য গোটা হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি। অক্সিজেন সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মুমূর্ষু করোনা রোগীদের বাঁচানো যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাই ফ্লো নাজাল ক্যানুলা–সংকটের একই চিত্র জেলার অন্যান্য হাসপাতালেও। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার তিন হাসপাতালে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট থাকা ৩৭৩ রোগী আজ বেলা ১১টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। তাঁদের অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মোট ২৩টি। অর্থাৎ গড়ে ১৬ রোগীর জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে ১টি। অন্যদিকে ৩টি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মোট শয্যা আছে ২৯টি। গড়ে ১২ জন গুরুতর অসুস্থ রোগীর জন্য একটি আইসিইউ শয্যা আছে।
করোনা রোগী বেড়ে যাওয়ায় ২৭ জুন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন কাজল বলেন, বর্তমানে চিকিৎসাধীন ১৯২ জনের সিংহভাগই শ্বাসকষ্টে ভুগছেন। তাঁদের অক্সিজেন দিতে হচ্ছে। হাসপাতালে আটটি আইসিইউ শয্যা থাকলেও হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি। ফলে প্রয়োজনের সময় গুরুতর রোগীদের অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হচ্ছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানকার করোনা ইউনিটে ৮৭টি সাধারণ শয্যা, ৮টি আইসিইউ শয্যা ও ৫টি এইচডি ইউনিটসহ মোট ১০০টি শয্যা রয়েছে। আজ বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ১০১ জন।
হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, করোনা ওয়ার্ডে ভর্তি সিংহভাগ রোগীকেই অক্সিজেন দিতে হচ্ছে। অথচ গোটা হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র ১২টি। ২৭ জুন আইসিইউ ওয়ার্ডের একটি হাই ফ্লো নাজাল ক্যানুলা বিস্ফোরিত হওয়ার পর থেকে বিকল রয়েছে। এখন ১১টি হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে ১০১ রোগীর সেবা দিতে হচ্ছে।
বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ১৩টি আইসিইউ শয্যাসহ করোনা ওয়ার্ডে ১৭৩টি শয্যা রয়েছে। আজ সকাল পর্যন্ত সেখানে ৮০ রোগী ভর্তি ছিলেন। হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে ১০টি।
বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছর মোহাম্মদ আলী হাসপাতালকে করোনা বিশেষায়িত ঘোষণা করার সময় আইসিইউ ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা কোনাটাই ছিল না। পরে ৮ শয্যার আইসিইউ চালু করা হয়। কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানুলার বরাদ্দ মিলেছে মাত্র দুটি। সম্প্রতি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে। হাই ফ্লো নাজাল ক্যানুলা ছাড়া আইসিইউ শয্যা করোনা রোগীদের জন্য তেমন কাজে আসে না উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে আরও কমপক্ষে ২৫টি হাই ফ্লো নাজাল ক্যানুলা দরকার। বরাদ্দ চেয়ে দফায় দফায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ মেলেনি।
২৮ দিনে করোনায় ৭২ জনের মৃত্যু
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় সংক্রমিত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সংক্রমিত ৭২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। ২৪ ঘণ্টায় ৩৬৮ নমুনা পরীক্ষায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। চলতি মাসে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪২১ জনের। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭১২ জনের।