আইসোলেশনে মারা যাওয়া নারীর করোনা নেগেটিভ

কুষ্টিয়ায় আইসোলেশনে মারা যাওয়া নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। তাঁর শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার রাতে প্রতিবেদন হাতে পাওয়া যায়। প্রতিবেদন নেগেটিভ ছিল। এ ছাড়া জেলায় এ পর্যন্ত মোট ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ৬৯টি প্রতিবেদন পাওয়া গেছে, যার সব কটিই নেগেটিভ। বাকি প্রতিবেদন এখনো হাতে এসে পৌঁছায়নি।
গত রোববার দুপুর ১২টার দিকে ৪৬ বছর বয়সী ওই নারী আইসোলশনে থাকা অবস্থায় মারা যান। তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি ছিলেন। মারা যাওয়ার পর ওই নারীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছিল।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বিকেলে প্রথম আলোকে বলেন, মারা যাওয়া নারীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ছিল, সেগুলো অবমুক্ত করা হয়েছে।