আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের সিদ্ধান্ত, রাজশাহীতে রেলশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকালে রেলের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন
ছবি: শহীদুল ইসলাম

বাংলাদেশ রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন-ভাতার জন্য আগামী অর্থবছর থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়ে সম্প্রতি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছে। এর বিপরীতে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নেওয়া হবে বলে আদেশ জারি হয়েছে। এতে রেলওয়ের কয়েক হাজার দক্ষ কর্মী বেকার হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী রেলস্টেশনে রেলওয়ে পশ্চিমাঞ্চলের শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ সমাবেশে এ আশঙ্কা ব্যক্ত করেছেন।

রেলের দক্ষ কর্মীদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন রেলওয়ে শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। আজ সকালে রেলের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পশ্চিম রেলওয়ের সদর দপ্তরে বিভিন্ন বিভাগের প্রধান কার্যালয়ের সামনে দিয়ে গিয়ে জোনাল রেলওয়ে কন্ট্রোল অফিসের সামনে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালি খান, সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন, রাজশাহী সদর দপ্তর শাখার সম্পাদক মেহেদী হাসান, রাজশাহী ওপেন লাইন শাখার সম্পাদক আকতার আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রেলওয়েতে প্রায় আট হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ কাজ করছেন। তাঁরা নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়ে বেকারত্বের অভিশাপমুক্ত হয়েছেন। ইতিমধ্যে তাঁদের অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। এখন আগামী অর্থবছরে অনিয়মিত কর্মচারীদের বাজেট কোডে কোনো বাজেট বরাদ্দ রাখা হবে না বলে চিঠি এসেছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন।

রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহী ওপেন লাইন শাখার সম্পাদক আকতার আলী বলেন, রেলের ভেতর ঢুকে থাকা বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া। সামনে নির্বাচন, তাই তারা আবার নতুন করে চক্রান্ত করছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে বিএনপি-জামায়াতের লোকদের রেলে এনে রেলের গোপনীয়তা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সব মিলিয়ে রেলসেবা ঝুঁকিতে পড়ার আশঙ্কা আছে বলে দাবি করেন তিনি।এই কর্মসূচির আগে শ্রমিক সংগঠনের নেতারা পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের মাধ্যমে রেলের মহাপরিচালককে একটি স্মারকলিপি দিয়েছেন। এতে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ঠিকাদারের কাছে থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক আনলে তাঁদের দিয়ে ঠিকমতো কাজ করানো যায় না। ঠিকাদার ঠিকমতো টাকা দেয় না। কর্মীর নামে যে টাকা বরাদ্দ থাকে, ঠিকাদার ওই টাকার একটা অংশ নিয়ে নেন। এতে কর্মীদের চলে না। তাঁদের আবার অন্য কাজ করতে হয়। এভাবে রেলওয়ের কাজ চলতে পারে না।