আওয়ামী লীগ কখনো জনগণের কথা ভাবে না: রুহুল কুদ্দুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমায় জেলা বিএনপির ব্যবস্থাপনায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ কখনো জনগণের কথা ভাবে না। তারা সব সময় লুটপাট করতে ও নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে।

আজ শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় বঙ্গবীর রোড এলাকায় জেলা বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার এসব কথা বলেছেন। রুহুল কুদ্দুস তালুকদার ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের আর্থিক সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, সিলেটের মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছেন, তখন সরকার শতকোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ-উৎসবে ব্যস্ত। ব্যয় করা এই টাকা যদি বন্যার্ত মানুকে দেওয়া হতো, তাহলে দুর্ভোগ কিছুটা হলেও কমত।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, এই বন্যায় সরকার যে বরাদ্দ দিয়েছে, তা খুবই অপ্রতুল।

সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, সিলেটের মানুষ বানের পানিতে ভেসে যাচ্ছে। কিন্তু বর্তমান মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে রাজকীয় নৌভ্রমণ করছেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।