আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৃদ্ধের কবজি বিচ্ছিন্নের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এমেল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দোকানঘর দখল নিয়ে এক বৃদ্ধের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধের স্ত্রী মীনা বেগম বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আশিক মিয়া (৪২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আশিক মিয়া উপজেলার সমষপুর গ্রামের মৃত সিকান্দর আলীর ছেলে। অন্যদিকে প্রধান আসামি এমেল মিয়া মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। ঘটনার চার দিন পরও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি গ্রামে এক প্রবাসীর দোকানঘর দখল নিয়ে একই এলাকার মর্তুজ আলীর (৬০) ওপর আওয়ামী লীগ নেতা এমেল মিয়ার নেতৃত্বে হামলা করা হয়। এ সময় রামদার কোপে ওই বৃদ্ধের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ওই বৃদ্ধের স্ত্রী মীনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় আওয়ামী লীগ নেতা এমেল মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আশিক মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।