আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে: আ জ ম নাছির
আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। কোনো ভয় নাই, আপনারা নির্ভয়ে সাক্ষী দিবেন। যারা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে তাদের শাস্তি হবে। আদালতে সাক্ষ্য না দিয়ে শুধু মুখে বক্তব্য দিলে বিচারকের কিছু করার থাকবে না।’
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা চত্বরে এক সম্প্রীতি সমাবেশে নাছির উদ্দীন এসব কথা বলেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে মহানগরের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ আ জ ম নাছির উদ্দীন বলেন, দুর্গা পূজা চলাকালে কুমিল্লায় মন্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সারা বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল একটি মহল।
আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কঠোরভাবে জঙ্গি দমন করা হয়েছে। অপরাজনীতি যারা করে তাদেরও দমন করা হয়েছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান। যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম ও আলতাফ হোসেন চৌধুরী উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ।