আওয়ামী লীগকে রাজাকারমুক্ত করতে গণশপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে রাজাকারমুক্ত করতে গণশপথ নিয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরের তামান্না মোড়ে এ জনসভায় ওই শপথ নেন তাঁরা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম। সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা সাখাওয়াৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান প্রমুখ।

জনসভায় বক্তারা সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, কিছুদিনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হবে। মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। উন্নয়নের ধারাবাহিকতায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে। পাইপলাইনে গ্যাস আসছে। সৈয়দপুরে বাস্তবায়নের পথে অর্থনৈতিক অঞ্চল। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় নতুন ক্যারেজ নির্মিত হবে। পৃথক ১৫০ মেগাওয়াট উৎপাদনকেন্দ্র নির্মিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ থেকে রাজাকার পরিবারের সদস্যদের বিতাড়িত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা রয়েছে। এমন ব্যক্তিদের ও তাঁদের পৃষ্ঠপোষকদের দল থেকে বহিষ্কারের বিষয়ে জনসভা চলাকালে গণশপথ নেন নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক শপথবাক্য পাঠ করেন।