কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ পুরোনো চারজনকেই মনোনয়ন দিয়েছে। চারজনই বর্তমান মেয়র। অন্যদিকে বিএনপির মনোনয়ন পাওয়া চারজন নতুন মুখ।
গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় প্রার্থীদের নিশ্চিত করে।
দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁকে জয়ী করতে সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে বলা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চারজন হলেন কুষ্টিয়া পৌরসভায় জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার আলী, ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, মিরপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও কুমারখালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের বাইরে কারও যাওয়ার সুযোগ নেই। দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁকে জয়ী করতে সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে বলা হয়েছে।
দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার জন্য জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির মনোনয়ন পাওয়া চারজন হলেন কুষ্টিয়ায় সদর উপজেলা বিএনপির সভাপতি বশিরুল আলম, ভেড়ামারায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, মিরপুরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল হোসেন ও কুমারখালীতে পৌর যুবদলের সভাপতি আনিসুর রহমান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, কেন্দ্র থেকে চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার জন্য জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে সারা দেশে আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ভোট নেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও বাকি তিনটি পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে।