আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনয়নে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ছয়জন। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ইউনিয়নের রঞ্জনছইয়ালকান্দি গ্রামে বড়কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও একই ইউপির সাবেক চেয়ারম্যান শফিজউদ্দিন খলিফার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম হোসেন খান (৩২)। তিনি বড়কান্দি ইউনিয়নের মির আলী মাতবরকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজ সরদার ও শফিজউদ্দিন খলিফার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে আজ সকালে রঞ্জনছইয়ালকান্দি গ্রামে সিরাজ সরদারের সমর্থকেরা শফিজউদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে হোসেন খান মারা যান। তিনি শফিজউদ্দিন খলিফার সমর্থক ছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহত হোসেনের লাশ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুজনকে আটক করা হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহবুবুল আরেফিন বলেন, সংঘর্ষের ঘটনায় মোট সাত ব্যক্তিকে এখানে আনা হয়। তাঁদের মধ্যে হোসেন খান নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বোমার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মাথার ডান পাশের একটি অংশ বোমা-জাতীয় কিছুর আঘাতে উড়ে গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।