দিনাজপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মো. রাশেদ পারভেজ। তিনি জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
গতকাল শুক্রবার উভয় দলের কেন্দ্রীয় নির্বাচনী মনোনয়ন বোর্ডে এই নাম ঘোষণা করা হয়। আগামীকাল রোববার বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ সময়। এদিকে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ায় বড় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী উত্তেজনা শুরু হয়ে গেছে। কর্মী-সমর্থকেরা বলছেন, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারের কাজ করবেন তাঁরা।
নৌকা প্রতীক পাওয়া রাশেদ পারভেজ একসময় দিনাজপুর সরকারি কলেজের ভিপিসহ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতির পদেও দায়িত্ব পালন করেছেন। সম্পৃক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে। তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নাগরিক সমস্যার সমাধানের জন্য দিনাজপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন তিনি।
ধানের শীষ প্রতীক পাওয়া জাহাঙ্গীর আলম টানা ১০ বছর পৌর মেয়র পদে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, যোগ্যতা বিবেচনায় পুনরায় দল তাঁকে মনোনয়ন দিয়েছেন। পৌরসভার উন্নয়নে ইতিমধ্যে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন। কিছু রাস্তা ও ড্রেনের কাজ চলমান। পৌরসভার উন্নয়নে মাস্টারপ্ল্যান করেছেন। পুনরায় নির্বাচিত হলে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন তিনি।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর পর্যন্ত দিনাজপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সাতজন। অন্য পাঁচজন হলেন জাতীয় পার্টি মনোনীত আহমেদ শফি রুবেল, ইসলামী আন্দোলন থেকে হাবিবুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তহিদুল হক সরকার, বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম মাসুদুল হক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মো. মেহেরুল ইসলাম। অন্যদিকে কাউন্সিলর পদে সাধারণ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৬৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮০৩। এর মধ্যে নারী ভোটার ৬৭ হাজার ৭৭৭ এবং পুরুষ ভোটার ৬৩ হাজার ২৬ জন। আগামী ১৬ জানুয়ারি মোট ৪৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিনে দিনাজপুরের অপর দুটি পৌরসভা বিরামপুর ও বীরগঞ্জেও ভোট গ্রহণ হবে। বিরামপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী, বীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম। বিএনপি থেকে বিরামপুর পৌরসভায় মেয়র পদে মনোনীত হয়েছেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও বীরগঞ্জে পৌর যুবদলের সদস্যসচিব মো. মোকাররম হোসেন।