আওয়ামী লীগের সম্মেলন শেষ, তোরণ রয়ে গেছে ঝুঁকিপূর্ণভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সড়কে তোরণ নির্মাণ করা হয়। কয়েকটি তোরণ হেলে গেছে। সেগুলো বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায়
প্রথম আলো

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে জেলা শহর পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়। সম্মেলন ১৬ অক্টোবর শেষ হলেও এখনো তোরণগুলো অপসারণ করা হয়নি। এর মধ্যে অনেক তোরণ এখন হেলে বা বেঁকে গেছে। এ ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন ও লোকজন চলাচল করছে।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পর্যন্ত মহাসড়কের প্রায় ১১ কিলোমিটারজুড়ে অর্ধশতাধিক তোরণ। তোরণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির পাশাপাশি আছে জাতীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীদের ছবি। সাজানোর জন্য কিছু তোরণের ওপর নৌকা লাগানো হয়েছে। এখন বিভিন্ন জায়গায় তোরণ বেঁকে বা হেলে গেছে। পাশে বাঁশ দিয়ে সেগুলো ঠেক দিয়ে রাখা হয়েছে। অনেক তোরণের রঙিন কাপড় ছিঁড়ে গেছে। যেকোনো সময় মহাসড়কে আছড়ে পরে ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষ করে, গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে অবস্থিত কয়েকটি তোরণের অবস্থা একেবারে খারাপ।

দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকাগামী এক ব্যক্তিগত গাড়িচালক আনোয়ার হোসেন জানান, গোয়ালন্দ মোড় থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত তোরণগুলো ঝুঁকিপূর্ণ হয়ে আছে। তোরণগুলো সরানো প্রয়োজন। একটু ঝড় হলে অনেকগুলো তোরণ ভেঙে পড়বে।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী জানান, হেলে পড়া ও বেঁকে যাওয়া তোরণগুলো নামিয়ে ফেলতে বলেছেন। ২৬ অক্টোবর পর্যন্ত হাতেগোনা কয়েকটি তোরণ রাখা হবে। ওই দিন উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা। কর্মিসভা শেষে মহাসড়কে আর কোনো তোরণ থাকবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগকে তোরণগুলো দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। যদি তারা তোরণ না সরান তাহলে পরবর্তী সময়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।