আওয়ামী লীগের সাংসদ একরামুল করিমের বক্তব্য নিয়ে নানা আলোচনা
‘আপনারা অ্যাট লিস্ট স্লোগানে জয় বাংলাটা বলেন, বঙ্গবন্ধু বলার দরকার নাই।’ একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের এমন খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আবারও সমালোচনার মুখে পড়েছেন নোয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক উচ্চবিদ্যালয় মাঠে প্রবাসীকল্যাণ ট্রাস্ট নামে একটি অরাজনৈতিক সংগঠন আয়োজিত ইফতারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এ বক্তব্য দেন একরামুল করিম।
সাংসদের এ বক্তব্যকে ‘প্রকারান্তরে স্বাধীনতাবিরোধীদের সমর্থন’ হিসেবে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ আহ্বায়ক শিহাব উদ্দিন। তবে ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে কথা বলার জন্য আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
অনুষ্ঠানে প্রায় ১৮ মিনিট বক্তব্য দেন সাংসদ একরামুল করিম চৌধুরী। বক্তব্যের শেষ দিকে একরামুল করিম চৌধুরী আয়োজকদের উদ্দেশে বলেন, ‘আপনারা অরাজনৈতিক সংগঠন। কিন্তু আপনারা বাংলাদেশের সংবিধানের বাইরে না। আমি আজ অরাজনৈতিক সংগঠন হিসেবে আসছি। আপনারা অ্যাট লিস্ট স্লোগানে জয় বাংলাটা বলেন, বঙ্গবন্ধু বলার দরকার নাই। সকলকে ধন্যবাদ জানাই, জয় বাংলা।’ এরপর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
সাংসদের বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ কখনো চিন্তাই করা যায় না। যারা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ চিন্তা করে, তারা আর যা–ই হোক, আওয়ামী লীগের লোক হতে পারে না। সাংসদ একরামুলের বক্তব্যে স্পষ্ট তিনি প্রকারান্তরে স্বাধীনতাবিরোধীদের সমর্থন করেন।’ এ জন্য তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ওরফে সাবু, সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব সহিদুল ইসলাম, ভাটিরটেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজ বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি কুয়েত প্রবাসী হাফেজ জহির উদ্দিন।
সাংসদ একরামুল করিম চৌধুরী টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ওই কমিটি অনুমোদনের আগেই গত বছরের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। এতে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খানকে।
দলীয় সূত্র জানায়, পদচ্যুত হওয়ার পর একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হওয়া নোয়াখালী পৌরসভা নির্বাচন ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরোধিতা এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সাংসদ একরামুলকে জেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়াসহ দল থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।