আকস্মিক বন্যায় গঙ্গাচড়ায় ১০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার বন্যায় ঘরবাড়ি তলিয়ে যায়। তাই বাড়ি নৌকায় তুলে উঁচু এলাকায় চলে যাচ্ছেন আব্বাস আলী। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের ইচলি গ্রামে। শুক্রবার সকালে
প্রথম আলো।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতীরবর্তী গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাকুদৌলা বলেন, উজান থেকে পানি নেমে আসছে। পানির তোড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

আজ শুক্রবার সকালে ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে যায়। এ অবস্থায় উপজেলার আলমবিদিতর, লক্ষ্মীটারি, কোলকোন্দ, নোহালী ও গজঘণ্টা—এ পাঁচ ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যা দেখা দেয়।

লক্ষ্মীটারী ইউনিয়নের চরইশরকুল, ইছলি, পূর্ব ইছলি, পশ্চিম ইছলি, শংকর, বাগেরহাটসহ ছয়টি গ্রামের দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, কয়েকটি পরিবার অন্যত্র আশ্রয় নিলেও এখনো বেশির ভাগ মানুষ বাড়িতেই রয়েছে।

ইউনিয়নের পশ্চিম ইছলি গ্রামের লোকজনের ঘরে পানি। এ এলাকার রান্নাঘর, আঙিনাসহ কোথাও এক কোমর, কোথাও এক হাঁটুপানি উঠেছে। এ গ্রামের কৃষক আব্বাস আলী তাঁর ঘরবাড়ি ভেঙে নৌকায় করে অন্যত্র চলে যাচ্ছেন। তিনি বলেন, ‘বারবার পানি ওঠে। এমন করি থাকা যায় না। কষ্ট হয়। তাই ঘরবাড়ি ভাঙিয়া পাশের বাঁধোত চলি যাইতোছি।’

কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কয়েক দিন থাকি পানি কমে আর বাড়ে। হামরাগুলা দিশেহারা হয়া পড়নো। খুব কষ্টোত আছি। শুকনা জায়গাও নাই যে সেটে যায়্যা উঠমো। কির আর করার আছে। পানিত বন্দী হয়া আছি।’

লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহেল হাদী বলেন, প্রায় সাড়ে তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষদের ৩ দফায় ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এদিকে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, উত্তর চিলাখাল, সাউথপাড়া, মটুকপুরসহ চার গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে শুকনা স্থানে ছুটে গেছে। ইউপি চেয়ারম্যান সোহরাব আলী বলেন, ইতিমধ্যে ৩ দফায় ১০ ও ২০ কেজি করে পানিবন্দী ২ হাজার ২০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে।

এ ছাড়া গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মহিষাসুর, রমাকান্ত, আলালচর, জয়দেব এলাকা এবং নোহালী, আলমবিদিতর ইউনিয়নে প্রায় আড়াই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন।

জেলা প্রশাসক আসিব আহসান জানিয়েছেন, বন্যাকবলিত এলাকার লোকজনকে কয়েক দফায় ১০ কেজি ও ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পানিবন্দী লোকজনের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের সহায়তায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।