আক্কেলপুরে কবরস্থান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে একটি কবরস্থান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি কবরস্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর নাম খাদিজা বেগম (৪২)। তিনি উপজেলার তিলকপুর ইউনিয়নের ভট্টপলাশী গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা বেগমের স্বামী দীর্ঘ ১৫ বছর দুবাইয়ে ছিলেন। দেড় বছর আগে তিনি ছুটিতে দেশে এলেও আর দুবাইতে ফিরে যেতে পারেননি। সংসারের ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত। গতকাল মঙ্গলবার রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা গেছে। এরপর আজ বুধবার সকাল ছয়টার দিকেও স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়।

খাদিজা বেগম সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর দুপুর ১২টার দিকে বাড়ির কাছের একটি কবরস্থানের বাঁশঝাড়ের নিচে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এরপর তাঁরা ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব ও স্থানীয় পুলিশকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।

পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে খাদিজা বেগম গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে তাঁর মৃত্যু নিয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

খাদিজা বেগমের ভাই ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে ছোট বোনের বাড়িতে আমাদের দাওয়াত ছিল। সকালে দাওয়াত খেতে এসে দেখি, বোন বাড়িতে নেই। তখন আমার বোনের জামাই বোনকে খোঁজাখুঁজি করছিলেন। পরে কবরস্থানে আমার বোনের লাশ পাওয়া যায়। আমার বোন কী কারণে আত্মহত্যা করল, তা বুঝতে পারছি না।’

নিহত গৃহবধূর স্বামী রহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে একটু কথা–কাটাকাটি হয়েছিল। এ কারণে আত্মহত্যা করবে, সেটি ভাবতে পারছি না।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ইঁদুরের গর্তে দেওয়ার কথা বলে ওই গৃববধূ আজ সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে চারটি গ্যাস বড়ি কিনেছিলেন। তিনি স্বামীর ওপর অভিমান করে ওই গ্যাস বড়িগুলো খেয়ে আত্মহত্যা করেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই ছানোয়ার হোসেন থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।