আক্রান্ত নারীর পর শ্বশুর ও দেবরও শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকায় এক নারীর পর এবার তাঁর শ্বশুর আর দেবরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, পৌর এলাকার ওই নারীর (৩০) আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৯ এপ্রিল জেলা সদর হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার জন্য নমুনা ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। ২১ এপ্রিল নমুনা পরীক্ষায় নারীর শরীরে করোনা শনাক্ত হয়। পরে সংশ্লিষ্ট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। পাশাপাশি আক্রান্ত নারীর পরিবারের সদস্যসহ তাঁর সংস্পর্শে আসা ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। গত রোববার পরীক্ষার জন্য নমুনা ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ নমুনা পরীক্ষার ফলাফলে ওই নারীর দেবর (২৬) ও শ্বশুরের (৬৫) করোনা শনাক্ত নিশ্চিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ওই নারীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। স্বামীর সংস্পর্শে ওই নারী এবং ওই নারী থেকে দেবর ও শ্বশুর করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের করোনার কোনো উপসর্গ নেই বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় তিনজনের করোনা পজিটিভ আসে। তাঁদের মধ্যে ওই নারীর দেবর, শ্বশুরসহ একজন নারী চিকিৎসক রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ সোমবার পর্যন্ত জেলায় মোট ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের মধ্যে জেলা সদরে পাঁচজন, সিঙ্গাইরে ছয়জন, শিবালয়ে দুজন এবং হরিরামপুর ও সাটুরিয়ায় একজন করে করোনাভাইরাসে আক্রান্ত হন।