আক্রান্ত প্রসূতি আইসোলেশনে, নবজাতক আলাদা ওয়ার্ডে

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সুনামগঞ্জের প্রসূতি মাকে (২১) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। নবজাতককেও ওই হাসপাতালেই নেওয়া হয়েছে। তবে শিশুটিকে আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে।
আজ সোমবার সকালে করোনায় আক্রান্ত হওয়া নারী ও নবজাতককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, সুনামগঞ্জ সদর উপজেলার ওই নারী গত বুধবার প্রসববেদনা নিয়ে সদর হাসপাতালে আসেন। একজন গাইনি চিকিৎসক দেখে জানান, তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার লাগবে। কিন্তু রোগীর স্বজনেরা নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করতে পারছিলেন না। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সিলেটে পাঠানো হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন ওই নারী। পরদিন শুক্রবার তাঁর জ্বর, কাশি শুরু হয়। গতকাল রোববার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ সকালে জানা গেছে, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র প্রথম আলোকে জানান, প্রসূতি ওই নারী ও শিশুকে সকালেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, নবজাতক শিশুটির নমুনা সংগ্রহ করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন। এর মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে সবারই নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে অনেকের করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে কারও শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি। আজ করোনা নেগেটিভ ফল পাওয়া ব্যক্তিদের ছাড়পত্র দেওয়া কথা রয়েছে।