আক্রান্ত শুনে ফোন বন্ধ করে পালানো সেই ব্যক্তির স্ত্রীও করোনা 'পজিটিভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আক্রান্ত শুনেই ফোন বন্ধ করে বাসা থেকে পালানো বগুড়ার রোগীর স্ত্রীও (৩০) করোনায় আক্রান্ত। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স। শুক্রবার মেডিকেল কলেজের ল্যাবে ১৯৪টি নমুনা পরীক্ষা শেষে তিনি করোনা ‌‌‌‘পজিটিভ’ শনাক্ত হন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান শুক্রবার রাত নয়টায় প্রথম আলোকে বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার বগুড়ার ১২৪টি, জয়পুরহাট জেলা থেকে আসা ৬৩টি এবং সিরাজগঞ্জ জেলা থেকে আসা একটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধু বগুড়ার ওই নার্সের প্রতিবেদন ‌‌‌‌‌করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, করোনা ‘‌পজিটিভ’ ‌শনাক্ত হওয়া ওই নারীর স্বামী শহরের ফুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঢাকায় একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ১০ এপ্রিল তিনি বগুড়া শহরের বাসায় আসেন। ঢাকাফেরত হওয়ায় ২৬ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গিয়ে নমুনা দেন। ২৮ এপ্রিল সন্ধ্যায় পাওয়া প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন। বিষয়টি তাঁকে মুঠোফোনে জানানো হয়। এরপর মুঠোফোন বন্ধ করে রাতেই বাসা থেকে পালিয়ে যান তিনি।


ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, আইসোলেশনে নেওয়ার আগেই মুঠোফোন বন্ধ করে পালানো ওই ব‍্যক্তিকে গত বুধবার রাত নয়টার দিকে বগুড়া সদর উপজেলার একটি গ্রাম থেকে আটক করে পুলিশ। পরে সেখানেই তাঁকে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। এ ঘটনায় ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়। একই সঙ্গে শহরের ফুলতলা এলাকায় ওই ব্যক্তির ভাড়া বাসা খুঁজে বের করেছে প্রশাসন। সেখানে মোট চারটি বাড়ি লকডাউন করেছে তারা। এরপর আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রীর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়।


স্বাস্থ্য বিভাগ বলছে, ওই ব্যক্তি ঢাকা থেকে ফিরে সতর্কতার সঙ্গে নিজে থেকে সঙ্গনিরোধে থাকতে পারতেন। তাহলে পরিবারের অন্যরা করোনাভাইরাসে সংক্রমিত হতেন না। এখন তাঁর কারণে অনেকেই সংক্রমিত হতে পারেন। কারণ তাঁর স্ত্রী করোনা ‘‌‌পজিটিভ’ শনাক্ত হওয়ায় জটিলতা বাড়ল। তিনি হাসপাতালে অন্য স্টাফ ছাড়াও রোগীদের সংষ্পর্শে এসেছেন। সবার নমুনা পরীক্ষা করা দরকার।


শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালের একজন নার্সের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় তাঁর সংষ্পর্শে আসা পাঁচ চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই নার্সের সংশ্লিষ্ট বিভাগের অন্য স্টাফেদরও নমুনা পরীক্ষা করা হবে।