আক্রান্ত শুনেই মুঠোফোন বন্ধ করে লাপাত্তা

বগুড়ায় আইসোলেশনে নেওয়ার আগেই মুঠোফোন বন্ধ করে লাপাত্তা হয়েছেন করোনা পজিটিভ এক তরুণ। করোনায় আক্রান্ত নিশ্চিত হওয়ার পর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাঁকে হন্যে হয়ে খুঁজলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। মুঠোফোনও বন্ধ। তাঁর দেওয়া ঠিকানায় গিয়ে সেখানেও তাঁর দেখা মেলেনি। তিনি পালিয়ে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাড়িতে গেছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার দুজন এবং জয়পুরহাটের ১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়া বগুড়ার দুজনের মধ্যে একজন শহরের একটি ফ্যাশন হাউজের বিক্রয়কর্মী (২৭)। তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। বগুড়ায় থাকতেন শহরের রহমাননগর কাজীখানা লেনের একটি ছাত্রাবাসে। ৯ মে তিনি ঢাকা থেকে ফেরত আসার পর মেসের অন্য ছেলেরা নমুনা পরীক্ষার আগে তাঁকে মেসে ঢুকতে না দিলে তিনি অন্য একটি মেসে গিয়ে ওঠেন। এরপর ওই দিনই নমুনা দেন। ১১ মে তাঁর নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তিনি ফোন বন্ধ করে আত্মগোপন করেন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সামির হোসেন বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর রানা প্লাজার ওই দোকান কর্মচারী লাপাত্তা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মসজিদে মাইকিং করে তাঁর সন্ধান চেয়ে প্রচারণা চালানো হয়েছে। করোনা পজিটিভ হওয়া অন্যজন নারায়ণগঞ্জফেরত পোশাকশ্রমিক। বাড়ি সদর উপজেলায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ জন।