আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে র্যাব সদস্যসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে র্যাব ও মাদক ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। আত্মরক্ষার্থে গুলি ছুড়লে নাসির মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাবের এক সদস্য ও সোর্স আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাসির আখাউড়া উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা। আহত র্যাবের সদস্য হলেন সুমন মিয়া (২৮) ও সোর্স খোকন মিয়া (৩৫)। অভিযানের সময় ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত নারীসহ অর্ধশতাধিক মানুষ বঁটি, দা ও লাঠিসোঁটা নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালান। মাদক ব্যবসায়ীরা র্যাবের সদস্য সুমনকে হাতে কামড় ও সোর্স খোকনের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব দুটি গুলি ছোড়ে। র্যাবের ছোড়া একটি গুলি মাদক ব্যবসায়ী নাসিরের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়। পরে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
র্যাবের অন্য সদস্যরা গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী, আহত র্যাবের সদস্য ও সোর্সকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান বলেন, র্যাবের সদস্যরা একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। আহত ওই রোগী গুলিবিদ্ধ। প্রাথমিক চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের জন্য একজন সার্জনকে হাসপাতালে ডাকা হয়েছে। তিনি এলে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর গুলি অপসারণ করা হবে।
রাত পৌনে নয়টার দিকে একজন সার্জন হাসপাতালে পৌঁছান। তবে রাত নয়টা পর্যন্ত হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ খোলা হয়নি।
র্যাব-১৪–এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের হাসপাতালে সাংবাদিকদের বলেন, র্যাব সদস্যদের ওপর নারীসহ ৫০-৬০ মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এ সময় আত্মরক্ষার্থে র্যাব দুটি গুলি ছোড়ে, যার একটিতে ওই মাদক ব্যবসায়ী বিদ্ধ হন।