আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে অল্প বৃষ্টিতে হাঁটুপানি, যাত্রীদের দুর্ভোগ
সামান্য বৃষ্টিতেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় হাঁটুপানি জমে যায়। গতকাল সোমবার সকালের বৃষ্টিতে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় আরেক দফা পানি জমে। এতে বাংলাদেশ-ভারতের সাধারণ যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের যাত্রীরা আসা যাওয়া করেন। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের সামনের আখাউড়া-আগরতলা সড়কের অবস্থান। সড়কটি ইমিগ্রেশনের সামনের এলাকা থেকে তিন-চার ফুট উঁচু। এ জন্য অল্প বৃষ্টিতেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের সামনের উঠানে পানি জমে। এতে দুই দেশের যাত্রীদের পানি পাড়িয়েই ইমিগ্রেশন ভবনে প্রবেশ করতে হয়। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেও যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
গতকাল সোমবার ভোরে আখাউড়ায় বৃষ্টি হয়। ঘণ্টা দু-একের বৃষ্টিতে ইমিগ্রেশনের সামনে পানি জমে। পরে ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পানি সরানোর ব্যবস্থা করেন। ইমিগ্রেশন ভবনের পূর্ব-দক্ষিণ দিকে একটি পুকুর আছে। নালা তৈরি করে ভবনের সামনের পানি ওই পুকুরে সরানোর ব্যবস্থা করেন পুলিশ সদস্যরা।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গতকাল আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ১৬৯ জন বাংলাদেশি এবং ২৮০ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। একই সময়ে ১৭৭ জন বাংলাদেশি ও ১২৪ জন ভারতীয় নাগরিক ভারতে প্রবেশ করেন।
বাংলাদেশি নাগরিক চিকিৎসক হাসনাইন সরকার প্রথম আলোকে বলেন, আখাউড়া একটি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। কিন্তু এর অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ইমিগ্রেশনের ভবনের পলেস্তারা খসে পড়ছে। একটি কক্ষে কোনোমতে চলে ইমিগ্রেশনের কাজ। সেই সঙ্গে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে ইমিগ্রেশনের সামনের এলাকায় হাঁটুপানি জমে।
ব্যবসায়ী মিনহাজ রানা বলেন, দুই দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও লেখকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই পথে যাতায়াত করেন। ইমিগ্রেশনের সামনের এলাকা মাটি ফেলে রাস্তার সমান উঁচু করা দরকার। এখানে যাত্রীসেবা আরও বাড়ানো উচিত। অবকাঠামো উন্নত করার দরকার।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম বলেন, গতকাল সকালে বৃষ্টিতে সামান্য পানি জমেছিল। কিন্তু দ্রুতই পানি সরানো হয়েছে। ইমিগ্রেশন ভবনের পাশেই একটি পুকুর আছে। পানি দ্রুত সেখানে সরে গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন প্রথম আলোকে বলেন, জায়গাটি নিচু হওয়ায় পানি নিষ্কাশনের সমস্যা হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পাশের নির্মাণাধীন ইমিগ্রেশন ভবনটি হয়ে গেলে এসব সমস্যা আর থাকবে না। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। দু-এক দিনের মধ্যে আখাউড়া ইমিগ্রেশনে যাব। পানির সমস্যার একটা সমাধান করব।’