আখাউড়া দিয়ে ভারত থেকে ফেরা ৩ বাংলাদেশি কোয়ারেন্টিনে

ভারতে আটকে পড়া তিনজন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার বেলা একটার দিকে আগরতলা-আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে তাঁরা দেশে ফেরেন। পরে তাঁদের জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। এ নিয়ে চার দফায় ভারতে আটকে পড়া ২৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
আখাউড়া আন্তর্জাতিক অভিবাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে অনেক বাংলাদেশি দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েছেন। তাঁদের মধ্যে ৭ এপ্রিল ৬ জন, ১৬ এপ্রিল ১০ জন, ১৭ এপ্রিল ৭ জন আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। আজ দেশে ফেরা তিনজনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন, চাঁদপুরের একজন ও কুমিল্লার একজন আছেন।
বেলা একটার দিকে তিনজন স্থলবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনের কর্মকর্তারা বিষয়টি আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে জানান। বেলা দুুইটার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল তাদের জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জেলার বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ইমিগ্রেশন সম্পন্ন করার তিনজনকে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যায়।