আখাউড়া দিয়ে ভারতফেরত নারীসহ ১১ জনের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত নারীসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৭ জনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল ইতিমধ্যে নেগেটিভ এসেছে।
করোনা শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৬ জন নারী ও ৫ জন পুরুষ। সম্প্রতি করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এর আগে গত শুক্রবার সিলেটের তিনজন ও ঢাকার দুজন করোনায় আক্রান্ত হন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থলবন্দর সূত্র জানায়, গতকাল রোববার ৩৫৯টি নমুনার ফলাফল আসে। তাঁদের মধ্যে ভারতফেরত ১১ জনসহ ৪৬ জনের করোনার ফলাফল পজিটিভ আসে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত ১ হাজার ৯৭৮ জন বাংলাদেশে ফিরেছেন। বর্তমানে তাঁদের মধ্যে জেলায় ২৬৫ জন কোয়ারেন্টিনে আছেন। এ পর্যন্ত ১ হাজার ৫৭৬ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ ৬ নারীসহ ভারতফেরত ১১ জনের করোনা শনাক্তের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।