আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা আরেকজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সন্দেহে তাপমাত্রা পরীক্ষার প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত মোট ৪১ জন বাংলাদেশি করোনা পজিটিভ হলেন। তাঁদের মধ্যে ২৪ জনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল ইতিমধ্যে নেগেটিভ এসেছে।

করোনা পজিটিভ ওই যাত্রী নারী। তাঁর বয়স ৪০ বছর। তিনি ৯ জুন স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। এরপরই করোনার পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুই দেশে আটকে পড়া যাত্রীরা উভয় দেশে নিযুক্ত হাইকমিশনারের অনুমতি এবং দুই দেশের সরকারের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত শুরু হয়। গত ২৬ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত ১ হাজার ৭৪৬ জন বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক আছেন। এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ১৩১ জন ভারতীয় নাগরিকও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তাঁদের ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারে কোয়ারেন্টিনের জন্য পাঠানো হয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১ হাজার ৭৪৬ জনের মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৩১৪ জন ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৩১৪ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র নিয়ে নিজের বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে জেলায় ২১৪ জন কোয়ারেন্টিনে আছেন।