আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন করোনায় আক্রান্ত এক ব্যক্তি
ভারতের আগরতলা থেকে করোনা পজিটিভ হয়ে সঞ্জীবন চন্দ্র বর্মণ (৩৫) নামের এক ব্যক্তি দেশে ফিরেছেন। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তিনি দেশে ফেরেন। তাঁকে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এই প্রথম আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে করোনা পজিটিভ হয়ে কোনো ব্যক্তি দেশে এলেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি করোনার অমিক্রন ধরনে সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে।
ওই ব্যক্তি করোনার অমিক্রন ধরনে সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে।
সঞ্জীবন রংপুর জেলার জগদীশপুরের বাসিন্দা। ব্যবসায়িক কাজে গত বছরের অক্টোবর মাসে ভারতে যান।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হামিদ বলেন, ভারত থেকে ফেরত ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার কাগজ যাচাই করে করোনা পজিটিভ বলে নিশ্চিত হয়েছেন তাঁরা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওই যুবক গত বছরের অক্টোবরে ভারতে যান।