আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত ৫৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস প্রতীকী ছবি
প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত তিন নারীসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে ২৪ জনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল ইতিমধ্যে নেগেটিভ এসেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থলবন্দর সূত্র জানায়, ১৮ ও ১৯ জুন স্থলবন্দর দিয়ে আসা তিন ভারতীয় তরুণীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়। ভারতীয় তিন তরুণী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তাঁরা ১৪, ১৫ ও ১৬ জুন বাংলাদেশে আসেন। গতকাল মঙ্গলবার স্থলবন্দর দিয়ে ৩৫ জন বাংলাদেশি ফিরেছেন। মঙ্গলবার করোনা পজিটিভ হওয়া তিন নারী ও একজন পুরুষ ১০, ১১ ও ১৩ জুন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরেন।

স্থলবন্দর দিয়ে ১৪৩ জন ভারতীয় শিক্ষার্থী এসেছেন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে  ভারতীয় ও বাংলাদেশি যাত্রীদের যাতায়াত শুরু হয়। ২৬ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত গত ১ হাজার ৮৯৪ জন বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক রয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ১৪৩ জন ভারতীয় নাগরিকও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১৩৭ জনকে ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারে ও ৭ জনকে বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১ হাজার ৮৯৪ জনের মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৪৩৫ জন ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থান সংকুলান না হওয়ায় ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিদের কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত ৩১৭ জনকে বাংলাদেশিকে কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত ১ হাজার ৮৯৪ জন বাংলাদেশে ফিরেছেন। বর্তমানে এদের মধ্যে জেলায় ২৫৬ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, ১৮ ও ১৯ জুন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ৩ ভারতীয় শিক্ষার্থীসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভারতফেরত তিন নারীসহ চারজনের করোনার ফলাফল পজিটিভ এসেছে।