আখাউড়া হয়ে দেশে ফিরলেন আরও ২৯ জন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার ২৯ জন ভারত থেকে দেশে ফিরেছেন। একই দিন ৯ জন ভারতে ফিরেছেন। এ নিয়ে ১৮ দিনে মোট ৫৭২ জন বাংলাদেশে ফিরলেন। অন্যদিকে ভারতে ফিরেছেন সে দেশের ১৭৭ জন।
দেশে ফেরা ২৫৩ জন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৩১ জন ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরেছেন।
আখাউড়া ইমিগ্রেশন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথম দফায় ২৬ এপ্রিল থেকে দেশের স্থলবন্দর দিয়ে ভারতে পাসপোর্টের যাত্রী পারাপার ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে এর মধ্যেও ভারতে বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে মানুষ দেশে ফিরতে পারছেন। তাঁদের মধ্যে যাঁদের কোভিড-১৯ টিকার দুই ডোজই নেওয়া আছে এবং কোভিড নেগেটিভ সনদ আছে, তাঁরা বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে পারছেন। অন্যদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে ২৯ জন বাংলাদেশি দেশে ফেরেন। তাঁদের মধ্যে ১৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে, চারজনকে হোটেল তিতাসে, সাতজনকে আশিকপ্লাজা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, জেলায় বর্তমানে ২৫৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। যাঁদের কোয়ারেন্টিনের ১৪ দিন পূর্ণ হয়েছে, তাঁদের ছাড়পত্র দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।