আখাউড়ায় ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নে কথিত নেতার হস্তক্ষেপে বিএনপির আহ্বায়ক ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। এ কমিটি বাতিলের প্রতিবাদে ইউনিয়নটিতে বুধবার বিকেলে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন পদবঞ্চিত নেতা–কর্মীরা। এ সময় কবির আহম্মেদ নামের এক নেতার ছবি পোড়ানো হয়।
এক মাস আগে আখাউড়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলমের ভাই জাহের মিয়াকে আহ্বায়ক ও জাহাঙ্গীর আলমকে সদস্যসচিব করে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপি। সদস্যসচিব জাহাঙ্গীর আহ্বায়ক জাহেরের ভায়রা ভাই। আহ্বায়ক কমিটিতে ১০১ সদস্যের আগের কাউকে রাখা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ও ইউনিয়ন বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা আবদুর রহমান ওরফে সানি বর্তমানে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী। আবদুর রহমানের বড় ভাই কবির আহম্মেদ একসময় আখাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। ভাইয়ের সুবাদে কবির এখন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। কোনো পদ-পদবিতে না থাকলেও তাঁর বিভিন্ন কমিটি গঠনে হস্তক্ষেপ করছেন।
বুধবার বিকেলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতা–কর্মীরা ঝাড়ু ও জুতা নিয়ে আহ্বায়ক কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামেন। এ সময় ‘ছাত্রলীগ নেতা তথাকথিত বিএনপির নামধারী কবিরের হস্তক্ষেপে নবগঠিত আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ’ লেখা একটি ব্যানার প্রদর্শন করা হয়। মিছিলে নেতা–কর্মীদের হাতে লাল রঙের ক্রসচিহ্ন দেওয়া কবিরের ফেস্টুন ছিল। বিক্ষোভ ও সমাবেশ শেষে কবিরের ক্রসচিহ্ন দেওয়া ব্যানার রাস্তায় ফেলে তাতে ঝাড়ু দিয়ে পেটান নেতা–কর্মীরা। একপর্যায়ে ওই ফেস্টুনগুলো আগুনে পুড়িয়ে দেন।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহের মিয়া ও এম এ রউফ চৌধুরী, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল চৌধুরী ও পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া প্রমুখ। তাঁরা কমিটি বাতিলের দাবি জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের বিষয়ে তারেক রহমানের এক চিঠিতে উল্লেখ করেছেন, নতুন কমিটি গঠনের সময় আহ্বায়ক কিংবা সদস্যসচিব পদে পুরোনো কমিটি থেকে একজনকে রাখতে হবে। কিন্তু জেলা ও উপজেলা বিএনপি কবিরের কথায় এসব মানা হচ্ছে না।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপিতে চলছে কমিটি বাণিজ্য ও আত্মীয়করণ। ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে বাপ-দুলাভাই-জামাইকে দিয়ে কবিরের কথামতো কমিটি দিয়েছে বিএনপি। বিভিন্ন দল থেকে আগত নেতা–কর্মীদের দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটিতে রাখা হয়েছে। এর প্রতিবাদেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বিষয়টি তাঁর জানা নেই। কমিটি উপজেলা বিএনপি দিয়েছি। তাঁদের বিষয়টি জিজ্ঞেস করা হবে।’ কবির প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা কীভাবে জানেন কবির বিএনপির বাইরের লোক। এসব আগের কথাই। পদ না পেলে কত কিছুই তো বলবে।
আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, কমিটি–বাণিজ্য, কবির আহম্মেদের হস্তক্ষেপ ও আত্মীয়করণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আগের কমিটির ৮-১০ জনকে বর্তমান আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে কবিরের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও ধরেননি।